কলম্বোতে শনিবার লড়ছে শ্রীলঙ্কা-বাংলাদেশ। আবার একই দিনে চট্টগ্রামেও মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়াডেতে দুই দলের লড়াইটা জাতীয় পর্যায়ের। শ্রীলঙ্কার ছুঁড়ে দেয়া ২৮১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করছেন সাকিব-সৌম্যরা। আর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ম্যাচটা অনূর্ধ্ব-২৩ দলের। ফাইনালে জায়গা করে নেয়ার লড়াইয়ে সেখানে বাংলাদেশকে হারিয়ে শেষ হাসি হেসেছে লঙ্কানরাই। ৮ উইকেটের জয় তুলে নিয়েছে তারা। তাতে আটজাতির ইমার্জিং কাপের সেমিফাইনালেই ইতি ঘটলো মুমিনুল-নাসিরদের মিশন।
ফাইনালে ওঠার ম্যাচে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৪৯.৩ ওভারে ১৭৯ রানেই গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। জবাবে ৬৭ বল হাতে রেখেই ১৮০ রানের লক্ষ্য পেরিয়ে গেছেন শ্রীলঙ্কার যুবারা। লঙ্কান ইনিংসের শুরুতেই জোড়া আঘাত করেছিলেন বাংলাদেশের বোলাররা। রন চন্দ্রগুপ্তকে (০) রানের খাতা খুলতেই দেননি মোহাম্মদ সাইফউদ্দিন। শিহান জয়াসুরিয়াকে (৬) সাজঘরে ফিরিয়েছেন নাইম হাসান। এরপর বাংলাদেশের বোলারদের আর উইকেট উৎসব করতে দেননি সাদিরা সামারাবিক্রামা ও চারিথ আসালাঙ্কা। দুজনে মিলে ৩৪.৩ ওভারে ১৬৫ রানের অবিছিন্ন জুটি গড়েছেন। দলকে নিয়ে গেছেন জয়ের বন্দরে। সামারাবিক্রামা ৮৮ ও আসালাঙ্কা ৮৩ রানে অপরাজিত ছিলেন।
এর আগে টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। কিন্তু তার সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়। শ্রীলঙ্কার বোলিংয়ের সামনে অসহায় ছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। টেলএন্ডারদের কল্যাণে স্কোরবোর্ডে ১৭৯ রান তোলে বাংলাদেশ। আট নম্বরে ব্যাট করতে নেমে মোহাম্মদ সাইফউদ্দিন খেলেছেন ৫৭ বলে ৪১ রানের ইনিংস। আবুল হাসান রাজু নয়ে নেমে ৩০ বলে ২৩ রান করেছেন।
শুরু থেকেই বাংলাদেশকে চেপে ধরেছিলেন লঙ্কান বোলাররা। ২০ রানের মধ্যেই বাংলাদেশ হারায় ৩ উইকেট। সপ্তম ওভারের প্রথম তিন বলে টানা তিন উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক করেছেন আসিথা ফার্নান্দো। তার শিকার হয়েছেন আফিফ হোসেন (৮), অধিনায়ক মুমিনুল হক (০) ও নাজমূল হোসেন শান্ত (০)। শুরুর চাপ সামলে আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ।
ওপেনার সাইফ হাসান ও আন্তর্জাতিক তারকা নাসির হোসেন ইঙ্গিত দিয়েছিলেন দলকে টেনে তোলার। কিন্তু বেশিক্ষণ উইকেটে টিকতে পারেনি। সাইফের ব্যাট থেকে আসে ৩২ রান। দলীয় ১২০ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে নাসির ৩৮ রান করে ফিরেছেন সাজঘরে। ফার্নান্দো নিয়েছেন ৪ উইকেট।





