আইসিসি কর্তৃক নিষিদ্ধ হওয়া পাকিস্তানী সাঈদ আজমলের অবৈধ বোলিং অ্যাকশন শোধ রাতে সাহায্য করার জন্য দেশটির সাবেক অফ স্পিনার সাকলাইন মুশতাককে প্রতি মাসে দশ লাখ রুপি দিতে হবে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে(পিসিবি)।
এ মাসের প্রথম দিকে অস্ট্রেলিয়ার ব্রিজবেনে বায়োকেমিক পরীক্ষায় আজমলের বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ঘোষণা করে। ফলে আজমলের বোলিং অ্যাকশন শোধরানোর জন্য পাকিস্তান ক্রিকেটের সৃষ্ট অন্যতম স্পিনার সাকলাইনের দারস্থ হয় পিসিবি। এ জন্য পারিশ্রমিক হিসেবে তাকে প্রতি মাসে দশ লাখ পাকিস্তানী রুপি দিতে হবে বলে বোর্ডের একটি সূত্র জানিয়েছে।
সুত্রটি জানায়, ‘এই দশ লাখ রুপি ছাড়াও পুনরায় আজমলের বায়োকেমিক পরীক্ষার জন্য যাবতীয় খরচ বহন করা ছাড়াও সাকলাইনের অন্যান্য খরচও বহন করতে হবে পিসিবিকে।’
আইসিসির নিয়মানুযায়ি একজন বোলার ১৫ ডিগ্রি হাত বাকা করতে পারলেও আজমলের ক্ষেত্রে সেটা প্রায় ৪০ ডিগ্রি হয়ে যায়। তবে পিসিবির আশা আজমলকে যথাযথ সহায়তা দিতে পারবেন সাকলাইন।
পিসিবির একটি সুত্র জানিয়েছে, ‘বোর্ড আজমলকে ঘরোয়া ক্রিকেট না খেলতে এবং তার পরিবর্তে সাকলাইনের সঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছে। ২১ সেপ্টেম্বর সাকলাইন লাহোর পৌঁছাবেন।’
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





