বার্সেলোনার হয়ে অধিনায়ক হতে যাচ্ছেন স্প্যানিস তারকা ফুটবলার জাভি। কার্লোস পুয়োলের অবসরের পর জাভিকে নতুন মৌসুমের জন্য অধিনায়ক করা হবে বলে বার্সা ক্লাব ঘোষণা দিয়েছে।

স্পেনের সাবেক মিডফিল্ডার জাভি গত মৌসুমে বার্সায় পুয়োলের ডেপুটি হিসেবে ছিলেন। ক্যাম্প ন্যু’তে সতীর্থদের ভোটে তিনি এবার অধিনায়কের দায়িত্ব পেতে চলেছেন।

৩৪ বছর বয়সী জাভির সহকারী হিসেবে দেখা যেতে পারে আন্দ্রেস ইনিয়েস্তাকে। এছাড়া সহ-অধিনায়কের দৌড়ে এগিয়ে আছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি এবং সার্জিও বাসকুয়েট।

গত মৌসুমে পুয়োল, জাভির পর তৃতীয় অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন বার্সার গোলরক্ষক ভিক্টর ভালদেস। তিনি চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ক্লাব ছেড়ে চলে গিয়েছেন। লিগামেন্টের ইনজুরির কারণে ভালদেস আপাতত কোনো ক্লাবের হয়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

জাভি স্পেনের হয়ে খেলেছেন ১৩৩টি ম্যাচ। আর ১৯৯৮ সালের পর থেকে কাতালানদের হয়ে মাঠে নেমেছেন ৪৭৪টি ম্যাচ। বার্সার বি দলের হয়ে খেলেছেন আরোও ৬১টি ম্যাচ।

বার্সার হয়ে জাভি জিতেছেন সাতটি প্রিমিয়ার ডিভিশনের শিরোপা, তিনটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা আর দুইবার কোপা দেল রে’র শিরোপা।

ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই