বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন ইংল্যান্ড প্রমীলা ক্রিকেট দলের সাবেক প্রধান কোচ মার্ক রবিনসন।
দীর্ঘদিন ধরে ফাঁকা পড়ে থাকা পদে তার বসা একরকম নিশ্চিত। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে আনুষ্ঠানিক ঘোষণা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জানুয়ারি থেকে শুরু হবে নারী দলের ক্যাম্প। সিলেটে অনুষ্ঠিতব্য এই ক্যাম্পেই দলের সাথে যোগ দিতে পারেন রবিনসন।
ক্রিকবাজ জানিয়েছে, রবিনসনের বাংলাদেশ নারী দলের কোচের আসনে বসা প্রায় নিশ্চিত। বিশ্বকাপজয়ী এই কোচের সাথে চুক্তি হবে দুই বছরের।
ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজকে বিসিবি পরিচালক ও নারী ক্রিকেটের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, “আশা করছি সে জানুয়ারিতেই পৌঁছে যাবে এবং জাতীয় দলের দায়িত্ব নেবে। ট্রেনিং ক্যাম্পেও থাকবে বলে আশা করছি। এখনো চুক্তি স্বাক্ষর বাকি অবশ্য। তবে আশি শতাংশ আনুষ্ঠানিকতাই শেষ। তার সাথে দুই বছরের চুক্তি থাকবে।”
ডেভিড ক্যাপেল বিদায় নিলে ২০১৮ সালে বাংলাদেশ নারী দলের প্রধান কোচের দায়িত্ব নেন অঞ্জু জৈন। গত মার্চে চুক্তি শেষ হলে দেশে ফিরে যান তিনি।
এরপর থেকে প্রমীলা দলের কোনো কোচ নেই। করোনা কারণে দেশের ক্রিকেটে স্থবিরতা চলে আসায় এতদিন কোচ নিয়োগের প্রক্রিয়াও চলছিল ঢিমেতালে। তবে বিশ্বকাপ বাছাইকে সামনে রেখে কোচ নিয়োগে মনোযোগ দিয়েছে বিসিবি।
৫৩ বছর বয়সী রবিনসন সাসেক্সকেও কোচিং করিয়েছেন। ২০১৯ সালে অ্যাশেজে ব্যর্থ হলে ইংল্যান্ড নারীদের কোচিংয়ের দায়িত্ব ছাড়েন তিনি। তবে এর আগে ৪ বছর দায়িত্ব পালন করেছেন সফলভাবে। ২০১৭ সালে ইংল্যান্ডকে বিশ্বকাপও জেতান তিনি।বিডিক্রিকটাইম
এমবি





