নেইমার বার্সেলোনা ছাড়ছেন না বলে দাবি করেছেন ক্লাবটির টেকনিক্যাল সেক্রেটারি রবের্ত ফের্নান্দেস।

গত অনেক মাস ধরেই নতুন চুক্তি নিয়ে বার্সেলোনার সঙ্গে আলোচনা করে যাচ্ছেন ব্রাজিলের ফরোয়ার্ড নেইমার। তবে এখনও দুই পক্ষ ঐক্যমতে পৌঁছাতে পারেনি।

অন্যদিকে নেইমারকে পেতে বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ আর ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড আগ্রহ প্রকাশ করেছে বলে খবর বের হয় স্পেনের সংবাদমাধ্যমে।

২০১৩ সালে বার্সেলোনায় নাম লেখানোর পর ১২৭ ম্যাচ খেলে ৭৭ গোল করেন ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। কাতালান ক্লাবটির হয়ে ৬টি শিরোপা জেতা এই তারকা কাম্প নউতেই থাকবেন বলে জানান ফের্নান্দেস।

“দুই মাস আগে আমি এটা পরিষ্কারভাবেই বলেছিলাম। আমি এখন আবার বলব, নেইমার আমাদের সঙ্গেই থাকবে।”

টেলিভিশন এস্পানোলাকে ফের্নান্দেস বলেন, “কোনো সমস্যা নেই। সে বার্সেলোনাতেই থাকবে। সে এখানে সুখে না থাকলে বিষয়টি আমার জন্য উদ্বেগের হতো। কিন্তু বিষয় তা নয়। আমি আবার বলছি, সে বার্সেলোনার হয়ে খেলবে।”

বার্সেলোনার সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ ২০১৮ সাল পর্যন্ত।

এআইজে