নিউজিল্যান্ডের ফাস্ট বোলার টিম সাউদি বলেছেন, চলতি সফরে সফরকারী দল ভারতকে জয়হীন রাখার লক্ষ্য নিয়েই দ্বিতীয় টেস্ট খেলতে নামবে তার দল। ওয়েলিংটনে বাংলাদেশ সময় শুক্রবার রাত চারটায় মাঠে নামবে তারা।
ওয়ান ডে সিরিজে ০-৪ ম্যাচের পর দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচেও ৪০ রানে পরাজিত হয়েছে সফরকারী ভারত।
সাউদি বলেন, ‘অবশ্যই এ সফরটা তাদের জন্য বেশ হতাশায় কেটেছে। তবে সব কিছু মিলিয়েই তারা অত্যন্ত ভাল একটি দল। তারা বেশ শক্তভাবে ঘুরে দাঁড়াতে এবং একটি জয় দিয়ে সফর শেষ করতে চাইবে। এ সফরে এ পর্যন্ত যা দেখিয়েছে তার চেয়ে অনক ভাল দল তারা।’
বেসিন রিভার্সে ম্যাচ শুরু হওয়ার একদিন আগে তিনি বলেন, ‘শেষ টেস্টে তারা অনেক কিছু প্রমাণ করেছে এবং গুণগত মানসম্পন্ন অনেক খেলোয়াড় তাদের দলে রয়েছে। আমি নিশ্চিত আমরা আমাদের খেলাটা অব্যাহত রাখতে যাচ্ছি। তারা খোলস ছেড়ে বেরিয়ে আসতে চাইবে এবং ভাল অবস্থায় সফর শেষ করতে চাইবে। আশা করছি নিউজিল্যান্ড সফরে আমরা তাদের জয়হীন রাখতে পারবো। তাদেরকে হোয়াইটওয়াশ করাটাই আমাদের বাসনা।’
ভারতের বিরুদ্ধে যতটা দরকার তেমন ভাল প্রস্তুতি কিউইদের রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
দেশ সেরা এ পেসার বলেন, ‘দু’টি দিন আমাদের খারাপ কেটেছে। কিন্তু প্রথম টেস্টে দলের ছেলেরা তাদের চরিত্র দেখিয়েছে, যা ছিল আমাদের বিশেষ অর্জন। ক্রিকেট এমন একটা খেলা যেখানে আপনি খুব বেশি দূরে তাকাতে পারবেন না সর্বোচ্চ প্রস্তুতির দিকে নজর রেখেই আমরা বাকি সময়টা কাটাতে চাই।’
বেসিন রিভার্সের উইকেট পুরোপুরি সবুজ বলে মনে হচ্ছে এবং সাউদি বলেন, পিচ ও আউট ফিল্ডের মধ্যে পার্থক্য টানাটা বেশ কঠিন।
‘এই মুহূর্তে পিচ ও আউট ফিল্ডের মধ্যে পার্থক্য টানাটা বেশ কঠিন। দেখে বেশ ভাল উইকেটই মনে হচ্ছে। ম্যাচের দিন সকালে কি অবস্থা থাকে আমরা সেটা দেখবো। ম্যাচের বাকি মাত্র একদিন এবং এ সময়ে সূর্য উঠবে কিনা, আমি নিশ্চিত নাই।’
প্রথম টেস্টে নিউজিল্যান্ড বোলাররা ভারতীয় ব্যাটসম্যানদের মাত্র ২০২ রানে আউট করেছে। পক্ষান্তরে ভারতীয় বোলাররাও দ্বিতীয় ইনিংসে কিউইদের মাত্র ১০৫ রানে বেঁধে ফেলেছে।
সাউদি বলেন, ‘২০ উইকেট নেয়ার ক্ষমতা আপনার আছে এটা দেখতে পাওয়াটা বেশ আনন্দের। গত কয়েক মাস যাবতই আমরা এটা করতে পেরেছি। গত দেড় বছর যাবত আমরা অনেক উন্নতি দেখাতে পেরেছি এবং উন্নতিটা অব্যাহত রাখতে পেরেছি, এটা ভাল। একে অপরকে সাহায্য করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং এটা আনন্দের যে, গত কয়েক মাস কঠোর পরিশ্রমের ফল নেইল ওয়াগনার পেয়েছে।
ভারতীয় ব্যাটসম্যানদের বিপক্ষে কিউই বোলাররা তাদের পরিকল্পনা কাজে লাগাতে পারবে বলে মনে করছেন সাউদি।
তিনি বলেন, ‘তাদের ব্যাটিং লাইন আপটা উটতি ধরনের-সেটা আমরা জানতাম। তাদের দলে শচিন টেন্ডুলকার, দ্রাবিড় এবং লক্ষণদের মতো কেউ নেই। কিন্তু গ্রেট খেলোয়াড় হওয়ার মতো খেলোয়াড় তাদের দলে রয়েছে। তাদের মধ্যে অনেকেই প্রথমবার নিউজিল্যান্ড কিংবা দেশের বাইরে সফরে এসেছেন। দলগতভাবেই আমরা ভাল বোলিং করেছি, যা তাদের ব্যাটসম্যানদের ওপর চাপ সৃষ্টি করেছে।’
তিনি আরো বলেন, ‘সিরিজের আগে তাদের নিয়ে আমাদের অনেক গবেষণা করতে হয়েছে। সেটা কাজে লাগায় আমরা বেশ আনন্দিত। শেন (বন্ড), কম্পিউটার এ্যানালিস্ট এবং কোচ মাইক হেসন এসকল পরিকল্পনা এটেছেন এবং আমাদের এমন সফলতায় অবশ্যই তাদেরকে কৃতিত্ব দিতে হবে। নিজস্ব কন্ডিশনে আমরা এমন ধারাবাহিকতায় অভ্যস্ত এবং এটাই আমাদের সাফল্যের মূল কারণ।’