আগামী ২৪ মে পর্তুগালে রাজধানী লিসবনে অনুষ্ঠিত হবে ইউরোপের সেরা হওয়ার লড়াইয়ের ফাইনাল ম্যাচ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা নির্ধারণী এই ম্যাচের অনেক প্রস্তুতি ইতোমধ্য সেরে নেয়া হয়েছে। নির্ধারণ করা হয়েছে রেফারিও। ফাইনাল ম্যাচটিতে রেফারি হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পাচ্ছেন হল্যান্ডের বিয়র্ন কুইপার্স। বুধবার উয়েফা কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
গত মৌসুমে ফাইনাল ম্যাচটি ছিল অল জার্মান। এবার তার উল্টো। জার্মানের দুটি ক্লাবই বাদ পড়েছে। টিকতে পারেনি ইংলিশ বা ইতালিয়ান লিগেরও কোনো ক্লাব। এবার অল স্প্যানিশ ফাইনাল নিশ্চিত হয়েছে। শুধু স্প্যানিশ নয়। এটি হবে অল মাদ্রিদ ফাইনাল। কারণ এই ম্যাচে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ।
৪১ বছর বয়সী কুইপার্স ২০০৬ সালে ফিফা বর্ষ সেরা রেফারির পুরস্কার লাভ করেন। এ বছরের চ্যাম্পিয়ন্স লিগে চারটিসহ উয়েফা চ্যাম্পিয়নশিপে তিনি এ পর্যন্ত মোট ৬৮টি ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ইউরোপা লিগেও তিনি ৩ ম্যাচে রেফারি ছিলেন।
২০১১ উয়েফা সুপার কাপ এবং গত মৌসুমে ইউরোপা লিগ ফাইনালে চেলসি এবং বেনফিকার মধ্যকার ম্যাচেও রেফারির দায়িত্ব পালন করেন তিনি।
চলতি বছরের লিগ ফাইনালে ১৪ মে তুরিনে অনুষ্ঠিতব্য বেনফিকা ও সেভিয়ার মধ্যকার ম্যাচে রেফারির দায়িত্ব পালন করবেন জার্মানির ফেলিক্স ব্রিচ।
লিসবনে ২২ মে উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মুখোমুখি হবে সুইডিশ ক্লাব ট্রিয়েসো এবং জার্মানির ক্লাব ওলফসবার্গ এফ জার্মানি। এ ম্যাচে রেফারি হিসেবে থাকবেন ইউক্রেনের ক্যাটেরিনা মনজুল।
ঢাকা, ৭ মে (টাইমনিউজবিডি) //জেডআই