টেনিস জগতে রেকর্ড করার জন্যই যেন জন্ম নিয়েছিলেন সেরেনা উইলিয়ামস। একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন তিনি। সর্বশেষ রেকর্ড গড়লেন ডব্লিউটিএ ওয়ার্ল্ড ট্যুর টুর্নামেন্টের হ্যাট্টিক শিরোপা জিতে। ২২ বছর পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই রেকর্ড গড়লেন তিনি। রোববার টুর্নামেন্টের ফাইনালে চতুর্থ বাছাই রোমানিয়ান সিমোনা হালেপকে সরাসরি সেটে হারিয়ে এই রেকর্ড গড়েন শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস।
১৯৯২ সালে ডব্লিউটিএ ওয়ার্ল্ড ট্যুর টেনিস টুর্নামেন্টের হ্যাট্টিক শিরোপা জিতেছিলেন যুক্তরাষ্ট্রের মনিকা সেলেস। এরপর আর কোন খেলোয়াড় সেই কৃতিত্ব দেখাতে পারেননি। তবে এবার সেই রেকর্ডে নিজের নাম লেখালেন মনিকার স্বদেশী সেরেনা।
গত দুই আসরেই ডব্লিউটিএ ওয়ার্ল্ড ট্যুরের শিরোপা জিতেছিলেন সেরেনা। তাই এবার হ্যাট্টিক শিরোপা জয়ের সুবর্ণ সুযোগ তৈরি হয় তার সামনে। সেই সুযোগকে কাজে লাগানোর লক্ষ্য নিয়েই টুর্নামেন্ট শুরু করেন সেরেনা। রাউন্ড রবিনে নিজেকে পুরোপুরি মেলে ধরতে না পারলেও, সেমিফাইনাল ও ফাইনালে দৃষ্টিনন্দন পারফরমেন্স করেছেন সেরেনা।
এবারের ফাইনালে সেরেনার প্রতিপক্ষ ছিলেন হালেপ। রাউন্ড রবিনেও একই গ্রুপে ছিলেন তারা। ঐ ম্যাচে জয় পেয়েছিলেন হালেপই। তবে ফাইনালে সেরেনার কাছে হার বরণ করে নেন হালেপ। ৬-৩ ও ৬-০ গেমে ফাইনাল ম্যাচ জিতে হ্যাট্টিক শিরোপা জিতে নেন সেরেনা।
শিরোপা জয়ের পর নিজের অভিমত জানাতে গিয়ে সেরেনা বলেন, ‘লক্ষ্য ছিলো হ্যাট্টিক শিরোপা জিতব, জিতেছিও। তবে ফাইনাল ম্যাচটি এত সহজে জিতব তা ভাবতে পারিনি। শিরোপা জয়ের অনুভূতিটা অসাধারণ।’
আর ফাইনাল হেরে হতাশ হালেপ বলেন, ‘পুরো টুর্নামেন্টে ভালো পারফর্ম করেছি। তবে ফাইনালে এত বাজেভাবে হারবো তা ভাবতে পারিনি। নিজের পারফরমেন্স নিয়ে আমি হতাশ।’
জেডআই





