১৯৫০ বিশ্বকাপের পর নিজ দেশের মাটিতে আরেকটি দু:স্বপ্ন নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল ব্রাজিল। ৬৪ বছর পর আগে ফাইনালে উরুগুয়ের কাছে তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছিল। এবার সেমিফাইনালেই কাঁদল সেলেকাওরা। জার্মানির কাছে ৭-১ গোলের ব্যবধানে হেরে গেল স্বাগতিকরা।
২০০২ বিশ্বকাপে ব্রাজিলের কাছেই ফাইনালে হেরে শিরোপা হাতছাড়া করেছিল জার্মানি। তাদের দেশে এসেই কঠিন প্রতিশোধ নিয়ে গেল ইউরোপের দেশটি। প্রথমার্ধে পাঁচ গোল করার পর দ্বিতীয়ার্ধে করেছে আরো দুই গোল। তবে বেলো হরিজোন্তের মাঠে শেষ মুহুর্তে শান্ত্বনাসূচক একটি গোল করেন অস্কার।
গত দুটি বিশ্বকাপেই সেমিফাইনালে খেলেছিল জার্মানি। দুই বারই তৃতীয় হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল তাদেরকে। এবার তিনের গেরো দূর করতে পেরেছে কোচ জোয়াচিম লোর শিষ্যরা।
বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত এই দুই দলের লড়াই শুরু হয়। খেলার ১১ মিনিটে কর্নার থেকে আসা বল থেকে গোলের সূচনা করেন জার্মানির থমাস মুলার। ২৩ তম মিনিটে মিরোস্লাভ ক্লোসার রেকর্ড গড়া গোলে ব্যবধান দ্বিগুণ করে জার্মানি। ডি বক্সের ভেতর থেকে ক্লোসার প্রথম চেষ্টাটি ফিরিয়ে দেন জুলিও সিজার। কিন্তু ফিরতি শট আর ফেরাতে পারেননি তিনি।
দুই মিনিট পর দ্বিতীয় গোলটি পেয়ে যেতে পারতেন মুলার। পা ছোঁয়াতে পারেননি বায়ার্ন মিউনিখের এই তারকা। বল পেয়ে যান ফাঁকায় দাঁড়ানো ক্রুস। বাঁ বার ঘেঁষে তার শট জালে জড়ালে পিন পতন নীরবতা নেমে আসে স্টেডিয়ামে।
ফার্নান্দিনহোর মারাত্মক ভুলে পরের মিনিটে দ্বিতীয় গোলটি পেয়ে যান ক্রুস। মাত্র ২৬ মিনিটে ৪-০ গোলে এগিয়ে যায় তিনবারের চ্যাম্পিয়নরা। স্টেডিয়ামে থাকা ব্রাজিল সমর্থকরা এ সময় নিজেদের ধরে রাখতে পারেননি।
এরপর তিন মিনিট পর মিসুত ওজিলের দেয়া পাস থেকে গোল করেন স্যামি খেদিরা। ৫-০ তে পিছিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।
বিরতির পর আরো দুই বার স্বাগতিকদের জালে বল জড়িয়ে দেয় জার্মানি। দুটি গোলই করেন আন্দ্রে শারলে। ৬৯ মিনিটে প্রথম গোল করার পর ৭৯ মিনিটে জোড়া গোল পূর্ণ করেন তিনি। সেই সঙ্গে ৭-০ গোলে এগিয়ে যায় জার্মানি।
অবশেষে ৯০ মিনেটে একটি গোল শোধ করতে পারেন অস্কার। এই গোলে ৭-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় ব্রাজিল।
ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





