উইলিয়ানের খেলায় দারুণ মুগ্ধ জুনিনিয়ো। জোড়া গোল করে ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলকে জেতানো চেলসির এই মিডফিল্ডারের প্রশংসা করতে গিয়ে দেশটির সাবেক ফুটবলার তাকে নেইমারের কাছাকাছি মানের বলে উল্লেখ করেছেন।
নিজেদের দ্বিতীয় ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-১ গোলে হারায় ব্রাজিল। এই ম্যাচের প্রসঙ্গ টেনে লিওর সাবেক মিডফিল্ডার জুনিনিয়ো গ্লোবো এস্পোর্তেকে বলেন, “উইলিয়ান নেইমারের ঠিক পরের পর্যায়ের। দুটি ম্যাচে (বিশ্বকাপ বাছাই পর্বে) উইলিয়ান আরও গুরুত্ব পাওয়ার দাবি রাখে। আমার কাছে (ব্রাজিল দলে) সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল উইলিয়ান।”
বিশ্বকাপের বাছাই পর্বে ব্রাজিলের পরের ম্যাচটি চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সঙ্গে। আগামী মাসের সেই ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরবেন ব্রাজিলের অধিনায়ক নেইমার। পাদপ্রদীপের আলো তখন তাকে ঘিরেই থাকবে।
এটা জেনেই হয়ত বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে কাজ করা জুনিনিয়ো বলেন, “হয়তো সে (উইলিয়ান) আর্জেন্টিনার বিপক্ষে খারাপও খেলতে পারে। কিন্তু এই দুই ম্যাচে সে যা করেছে, তাতে তার মূল্যায়ন হওয়া উচিত।”
নেইমারকে ছাড়া বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করে প্রথম ম্যাচে চিলির কাছে ২-০ গোলে হারে ব্রাজিল।
এমআর





