বিশ্বকাপে বসনিয়া ও হার্জেগোভিনার একেবারেই অনভিজ্ঞ হলেও এই দলে আছে এদিন জেকো নামের এক বড় তারকা। যে কোনো প্রতিপক্ষের জন্যই হুমকি হতে পারা ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ডকে নিয়ে তাই বাড়তি সতর্ক আর্জেন্টিনার ডিফেন্ডার এসেকিয়েল গারায়।
রিও দে জেনেইরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে আর্জেন্টিনা আর বসনিয়ার ম্যাচটি হবে রোববার বাংলাদেশ সময় রাত ৪টায়।
জেকোকে নিয়ে বাড়তি সতর্কতা থাকলেও আর্জেন্টিনার ডিফেন্ডার গারায় অঘটন এড়াতে পুরো বসনিয়া দল নিয়েই ভাবছেন।
“শুধু (এদিন) জেকোই নয়, তাদের দলে আরো কিছু ভালো খেলোয়াড় আছে। আমাদের মূল কাজ হবে আত্মতুষ্টিতে না ভোগা এবং ম্যাচটি সহজ হবে বলে ধরে না নেয়া।”
টানা চারবারের বর্ষসেরা লিওনেল মেসির সঙ্গে আনহেল দি মারিয়া, সের্হিও আগুয়েরো ও গনসালো হিগুয়াইনদের সমন্বয়ে আর্জেন্টিনার আক্রমণভাগ ব্রাজিল বিশ্বকাপের অন্যতম শক্তিশালী। গারায়ও সেটা মানেন, তারপরও প্রতিপক্ষকে খাটো করে দেখতে চান না তিনি।

“যদিও আমাদেরকে শিরোপার অন্যতম দাবীদার হিসেবে দেখা হচ্ছে, তারপরও এই মুহূর্তে বসনিয়াকে হারানোটাই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত।”
আক্রমণভাগে আর্জেন্টিনার ৪ খেলোয়াড় প্রতিপক্ষের কাছে ভয়ঙ্কর হলেও তাদের রক্ষণ নিয়ে প্রশ্ন আছে সমালোচকদের। তবে বিশ্বকাপ বাছাইপর্বে শীর্ষে থেকে আর্জেন্টিনার চূড়ান্ত পর্বে ওঠার পেছনে ওই রক্ষণেরও দারুণ অবদান ছিল।
লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের ১৬ ম্যাচে মাত্র ১৫ বারই আর্জেন্টিনার জালে বল ঢুকেছে।
ঢাকা, ১৫ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





