দলীয় ৫৫ রানের মাথায় সিমন হারমারের ঘূর্ণিতে বোল্ড হয়ে ফেরেন মুমিনুল হক। তামিমের সঙ্গে মাত্র ৯ রানের জুটি গড়ে ব্যক্তিগত ৬ রান করে বিদায় নেন মুমিনুল।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দুই উইকেট হারিয়ে ২৯ ওভার থেকে তুলেছে ৭৮ রান। ব্যাটিংয়ে আছেন তামিম (২৯) ও মাহামুদুল্লাহ রিয়াদ (১১)।
এর আগে দলীয় ৪৬ রানের মাথায় ইনিংসের ১৯তম ওভারে স্টিয়ান ভ্যান জিলের দ্বিতীয় বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ে বিদায় নেন ইমরুল কায়েস। ভ্যান জিলের ব্যক্তিগত প্রথম ওভারে আউট হওয়ার আগে ইমরুলের ব্যাট থেকে আসে ২৬ রান। ৭৩ বল মোকাবেলা করে এ বাঁহাতি ওপেনার তিনটি চার হাঁকান।
২৪১ রান পিছিয়ে থেকে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শুরু করে টাইগার বাহিনী। আগের দিনের দুই অপরাজিত ওপেনার তামিম ইকবাল এবং ইমরুল কায়েস দিনের শুরু করেন। প্রোটিয়াদের গতি-দানব ডেল স্টেইন আর ভারনন ফিল্যান্ডারকে বেশ সাবলীল ভাবেই মোকাবেলা করেন টাইগার দুই ওপেনার।
প্রথম টেস্টের প্রথম দিন অলআউট হওয়ার আগে দ. আফ্রিকা ২৪৮ রানেই গুটিয়ে যায়। মুস্তাফিজুর রহমান, জুবায়ের হোসেন, মোহাম্মদ শহীদদের বোলিং তোপে প্রোটিয়ারা ৮৩.৪ ওভার ব্যাট করতে সক্ষম হয়।
প্রতিপক্ষকে ২৪৮ রানে গুটিয়ে দিয়ে টাইগারদের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন ৪১ টেস্ট খেলা তামিম ইকবাল আর ২৩ টেস্ট খেলা ইমরুল কায়েস। বাংলাদেশ বিনা উইকেটে ৭ রান তুলে দিন শেষ করে।
কার্টার মাস্টার মুস্তাফিজ আর স্পিন জাদুকর জুবায়ের হোসেনের দুটি ভয়াল স্পেলে দ. আফ্রিকার ইনিংস গুটিয়ে যায়। টাইগারদের হয়ে চারটি উইকেট তুলে নেন মুস্তাফিজ। আর তিনটি উইকেট দখল করেন জুবায়ের হোসেন। এছাড়া সাকিব, মাহামুদুল্লাহ, তাইজুল একটি করে উইকেট পান।
কেএইচ





