চিটাগং ভাইকিংস ও রংপুর রাইডার্সের মধ্যকার আজকের ম্যাচটিই কি তাহলে হতে যাচ্ছে এবারের বিপিএলের সবচেয়ে বড় ম্যাচ?
আজ মুখোমুখি যে টি-টোয়েন্টি ক্রিকেটের বড় দুই তারকা ক্রিস গেইল ও শহীদ আফ্রিদি। চিটাগংয়ের হয়ে মাঠে নামবেন গেইল। আর আফ্রিদি খেলবেন রংপুরের হয়ে।
আফ্রিদি এবারের বিপিএলের শুরু থেকেই খেলছেন। তবে চিটাগং পর্ব শেষ করে দেশে ফিরে গিয়েছিলেন পাকিস্তানি অলরাউন্ডার।
পেশোয়ারে নির্মিত নতুন একটি স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে আফ্রিদির নামে। সেটির উদ্বোধন উপলক্ষেই দেশে ফিরে গিয়েছিলেন তিনি। ফলে পরশু রাজশাহী কিংসের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি আফ্রিদি। কাল সন্ধ্যায় আবার তিনি ঢাকায় ফিরেছেন। আজ চিটাগংয়ের বিপক্ষেই মাঠে নেমে পড়বেন।
আর গেইল পরশুই কেবল ঢাকায় এসেছেন। কাল মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করেছেন চিটাগং দলের সঙ্গে। এই প্রথমবার একসঙ্গে ইনিংস উদ্বোধন করতে দেখা যাবে তামিম ইকবাল আর গেইলকে। গেইল জানিয়ে দিয়েছেন, তামিমের সঙ্গে খেলতে মুখিয়ে আছেন তিনি।
ব্যাটিংয়ের জন্য তামিমকে অনুসরণ করবেন বলেও জানান গেইল, ‘তামিম কন্ডিশন খুব ভালো জানে। আমি চাইলে একটু সময় নিতে পারি, দেখতে পারি তামিম কীভাবে খেলছে। ও খেলার মধ্যেই আছে, জানে কীভাবে খেলতে হবে। আমি ওকে দেখে দ্রুত ধারণা নিতে পারি। ও অনেক অভিজ্ঞ। আমিও চেষ্টা করব যতটা সম্ভব আক্রমণাত্মক থাকতে। চেষ্টা করব দলকে বিস্ফোরক শুরু এনে দিতে।’
বিপিএলের আগের তিন আসরেই খেলেছেন গেইল। প্রথমবার বরিশাল বার্নাসে, দ্বিতীয়বার ঢাকা গ্ল্যাডিয়েটরসে, আর গতবার বরিশাল বুলসে খেলেছেন তিনি। তিন আসরেই ক্যারিবীয় ব্যাটিং দানবের ব্যাটে ঝড় দেখা গেছে। টুর্নামেন্টে সর্বোচ্চ ৩টি সেঞ্চুরিও তার। ১০ ম্যাচে ৭৭.২৮ গড়ে রান ৫৪১।
এবারও গেইল-ঝড় দেখার অপেক্ষায় সবাই। আর আজ তার প্রতিপক্ষ দলে যখন আফ্রিদি, ম্যাচটি তাই ক্রিকেটপ্রেমীদের মধ্যে সৃষ্টি করেছে বাড়তি উম্মাদনা। একদিকে গেইল অন্যদিকে আফ্রিদি- এমন টি-টোয়েন্টি ম্যাচ শেষ কবে দেখেছেন?
এমএনজে





