সেঞ্চুরির হ্যাটট্রিক করলেন পাকিস্তানের ব্যাটসম্যান ইউনিস খান। দুবাই টেস্টের দুই ইনিংসের পর আবুধাবির ম্যাচের প্রথম ইনিংসেও অনবদ্য ১১১ রানের ইনিংস খেললেন অভিজ্ঞ ইউনিস। দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ইউনিসের সাথে সেঞ্চুরি করেছেন আজহার আলীও। তাদের জোড়া সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দিন শেষে ৮৮ ওভারে ২ উইকেটে ৩০৪ রান করেছে পাকিস্তান।
কিছুদিন আগে শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে না রাখায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) উপর চটেছিলেন ইউনিস। ক্ষেপে গিয়ে পিসিবি’র উদ্দেশ্যে বলেও ফেলেছিলেন, ‘টেস্ট দল থেকেও বাদ দেয়া হোক আমাকে।’ কিন্তু টেস্টে ইউনিসকে দলে না রেখে নিজেদের ভুলটাকে আর বড় হতে দেয়নি পিসিবি।
তবে টেস্ট সিরিজ শুরু হবার পর থেকে পিসিবির ভুল ব্যাট দিয়ে প্রমাণ করতে থাকেন ইউনিস। দুবাই টেস্টের দুই ইনিংসেই ব্যাটিং কারিশমা দেখিয়ে তুলে নিয়েছেন দুটি সেঞ্চুরি। এতেও হয়তো মনের জ্বালা মেটেনি ইউনিসের। তাই আবুধাবি টেস্টের প্রথম দিনেও তুলে নিলেন সেঞ্চুরি।
এ ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্বান্ত নেয় প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে থাকা পাকিস্তান। দলীয় ৯৬ রানে দলের দুই ওপেনার আহমেদ শেহজাদ ও মোহাম্মদ হাফিজ বিদায় নেন। শেহজাদ ৩৫ ও হাফিজ ৪৫ রান করেন। দুই ওপেনারের বিদায়ের পর তৃতীয় উইকেটে জুটি বাধেঁন আজহার ও ইউনিস। দিন শেষেও এই জুটি ২০৮ রানে ছিলো অবিচ্ছিন্ন। দলকে বড় স্কোর পথে নিয়ে যেতে দু’জনই করেছেন সেঞ্চুরি। টেস্টে নিজের ষষ্ঠ সেঞ্চুরি তুলে ৬টি বাউন্ডারিতে ১০১ রানে অপরাজিত থাকেন আজহার। আর ২৭তম সেঞ্চুরির স্বাদ পাওয়া ইউনিসের নামের পাশে ঝকঝক করছে ১১১ রান। তার ১৫৫ বলের ইনিংসে ১০টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির মার ছিল। পাকিস্তানের পতন হওয়া দু’টি উইকেট ভাগাভাগি করেছেন পেসার মিচেল জনসন ও স্পিনার নাথান লিঁও।
সংক্ষিপ্ত স্কোর :
পাকিস্তান প্রথম ইনিংস ৩০৪/২, ৮৮ ওভার (ইউনিস খান ১১১*, আজহার আলি ১০১*, মিচেল জনসন ১/৫০)।
জেডআই





