অ্যাডিলেড টেস্টের প্রথম দু'দিন ব্যাট হাতে দাপট দেখিয়েছিল অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। তবে তৃতীয় দিনে ব্যাট করতে নেমে পাল্টা জবাব দিয়েছে ভারতের অধিনায়ক বিরাট কোহলি। অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টেই সেঞ্চুরি করেছেন তিনি। তার সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ৩৬৯ রান।
সিরিজের প্রথম টেস্টে প্রথম দু'দিন ব্যাট করে সাত উইকেটে ৫১৭ রান সংগ্রহ করে প্রথম ইনিংস ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। ফলে তাদের চেয়ে মাত্র ১৪৮ রানে পিছিয়ে আছে ভারত।
এদিন ব্যাট করতে নেমে মাত্র ৩০ রানেই উইকেট হারায় ভারত। ব্যক্তিগত ২৫ রানে সাজঘরে ফিরে যান শেখর ধাওয়ান। তবে দ্বিতীয় উইকেটে জুটিতে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা। এই জুটিতে মুরালি বিজয় ও চেতেশ্বর পুজারার ব্যাটিংয়ে দলীয় স্কোরে যোগ হয়েছে ৮১ রান।
৫৩ রান করে মিচেল জনসনের বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে মাঠ থেকে বিদায় নেন বিজয়। তার বিদায়ের পর ব্যক্তিগত ৭৩ রানে লায়নের বলে বোল্ড হযেছেন পুজারা।
তারা সাজঘরে ফেরার পর রানের চাকা সচল রেখেছেন অধিনায়ক কোহলি। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন আজিঙ্কায় রাহানে। ৬২ রান করে রাহানে বিদায় নিলেও সেঞ্চুরি পূর্ণ করেন কোহলি। তবে ১১৫ রান করেই জনসনের বলে বোল্ড হয়ে মাঠ থেকে বিদায় নেন এই ব্যাটসম্যান।
এরপর আর কোনো উইকেট না হারিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেন রোহিত শর্মা (৩৩) ও বৃদ্ধিমান শাহ (১)।
সংক্ষিপ্ত স্কোর :
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ৫১৭/৭ ডিক্লে. (স্মিথ ১৬২*, ওয়ার্নার ১৪৫, ক্লার্ক ১২৮; শামি ২/১২০)
ভারত প্রথম ইনিংস : ৩৬৯/৫ (কোহলি ১১৫, পুজারা ৭৩, রাহানে ৬২, বিজয় ৫৩; জনসন ২/৯০, লায়ন ২/১০৩)
জেডআই





