বিশ্বকাপে গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচে জ্বলে উঠতে পারেনি গ্রীস। পয়েন্ট টেবিলে তলানিতে ছিল দলটি। গ্রুপের শেষ ম্যাচে তিন পয়েন্ট অর্জন করা আইভরি কোস্টের মুখোমুখি হয়েছিল তারা। আর সেই ম্যাচে জয় নিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ইউরোপের দলটি।

মঙ্গলবার রাতে ফোর্টালেজাতে দু:স্বপ্ন নিয়ে বিদায় নেয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল গ্রিস। যদিও বিরতিতে যাওয়ার আগে লিড নিয়েছিল তারা। খেলার ৪২ মিনিটে আন্দ্রেস সামারিস দলকে এগিয়ে দিয়েছিলেন।

কিন্তু দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে আইবরি কোস্ট। উইলফ্রাইড বনির গোলে স্বস্তিতে ফেরে তারা। কারণ ম্যাচটিতে ড্র করলেই নক আউট পর্ব নিশ্চিত হয়ে যাবে তাদের। এগিয়েও গিয়েছিল সেই পথে। মূল খেলার ৯০ মিনিট পর্যন্ত আর কোনো গোল হতে দেয়নি তারা। কিন্তু ভাগ্যটা যেন গ্রিসের দিকেই ঝুকে ছিল। ইনজুরি টাইমের প্রথম মিনিটে পেনাল্টি পেয়ে যায় গ্রিস। সেখান থেকে গোল করতে ভুল করেননি গিওরগিয়াস সামারাস।

এই গোলের ফলে ২-১ গোলে জয় পায় গ্রিস। আগের ম্যাচে ১০ জনের দল নিয়ে ড্র করায় মোট চার পয়েন্ট নিয়ে নক আউট পর্ব নিশ্চিত করেছে তারা। সেখানে কোস্টা রিকার মুখোমুখি হবে দলটি।

এদিকে জাপানকে হারিয়ে ৩ পয়েন্ট যোগ করে রাখা আইভরি কোস্টের স্বপ্নের সমাধি হয়েছে। মাত্র তিন মিনিটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গেল তারা।