ঢাকা টেস্টে বাংলাদেশকে ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে পাকিস্তান। এ যাত্রায় ৬ উইকেট হারিয়ে ১৯৫ রান তুলে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। দুই ইনিংস মিলে ৫৪৯ রানের লিড নেয় পাকিস্তান। জয়ের জন্য বাংলাদেশকে ৫৫০ রানের টার্গেট ছুড়ে দিয়েছে মিসবাহ-উল-হকের দল। জবাবে ব্যাট করছে বাংলাদেশ।


এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪৬ রান। ব্যাট করছেন তামিম ইকবাল (৩১) ও ইমরুল কায়েস (১৫)।

এর আগে ৮ উইকেটে ৫৫৭ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। জবাবে ২০৩ রানে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়ে যায়। তবে বাংলাদেশকে ফলোঅন করাননি পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক। ৩৫৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করতে নামে পাকিস্তান।

তবে স্কোরবোর্ডে কোনো রান জমা করার আগেই পাকিস্তান শিবিরে আঘাত হানেন মোহাম্মদ শহীদ। প্রথম ওভারের চতুর্থ বলে মোহাম্মদ হাফিজকে মুশফিকুর রহিমের গ্লাভসবন্দি করান বাংলাদেশ পেসার।

এরপর দলীয় ২৫ রানে পাকিস্তান শিবিরে আবার আঘাত হানেন শহীদ। এবার অরেক ওপেনার সামি আসলামকে সাজঘরে ফেরান তিনি। দ্বিতীয় স্লিপে সামির দারুণ এক ক্যাচ নেন মাহমুদউল্লাহ। তৃতীয় উইকেটে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন আজহার আলী ও ইউনুস খান। তবে আজহারকে ফিরিয়ে তাদের ২৪ রানের জুটি ভাঙেন সৌম্য সরকার। গালিতে ক্যাচ নেন শুভাগত হোম। এটাই সৌম্যর প্রথম টেস্ট উইকেট।

৪৯ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে মিসবাহ-উল-হককে নিয়ে প্রতিরোধ গড়েন ইউনুস। ফিফটি রানের জুটিও গড়েন দুজন। তবে ইউনুসকে ফিরিয়ে ৫৮ রানের জুটি ভাঙেন তাইজুল ইসলাম। ৩৯ রান করা ইউনুসকে নিজের ফিরতি ক্যাচে পরিণত করেন তাইজুল। এরপর দলীয় ১৪০ রানে আসাদ শফিককে বোল্ড করেন শুভাগত হোম। ৮২ রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক মিসবাহ। ১৮ রান নিয়ে অপরাজিত ছিলেন সরফরাজ আহমেদ।

এমএইচ