শ্রীলংকার দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাত্র দুই রানের জন্য হেরে গেল বাংলাদেশ। বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধরী স্টেডিয়ামে শ্রীলংকার ১৬৮ রানের জবাবে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা।
শেষ ওভারে জয়ের জন্য ১৭ রান দরকার ছিল বাংলাদেশের। স্ট্রাইকে ছিলেন এই ম্যাচে দলের হাল ধরা ব্যাটসম্যান এনামুল। আশাটা তাই বেশিই ছিল। প্রথম বলে চার রান নিয়ে আশাটাকে আরো বাড়িয়ে দেন তিনি। দ্বিতীয় বল থেকে আসে দুটি রান। কিন্তু তৃতীয় বলে কোনো রান নিতে পারে না তারা। অবশ্য রান নিতে গিয়ে নন স্ট্রাইকে রান আউটের ফাঁদে পড়েন ফরহাদ রেজা। চতুর্থ ও পঞ্চম বলে দুটি বাউন্ডারি হাঁকান এনামুল। শেষ বলে জয়ের জন্য তিন রান দরকার ছিল তাদের। কিন্তু থিসারা পেরেরা ফুলটাস বল হাঁকাতে গিয়ে উপরে তুলে দেন এনামুল। ফলে পিচে দাঁড়িয়েই ক্যাচ ধরেন বোলার পেরেরা। 'নো' বল হয়েছে কিনা তা দেখার জন্য থার্ড আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষা করেন আম্পায়ার। কিন্তু তাতেও কাজ হয়নি। ফলে মাত্র দুই রানের আক্ষেপ থেকে গেল বাংলাদেশের।
শেষ বলে আউট হওয়ার আগে ৪৫ বলে সাতটি চারে ৫৮ রান করেন ওয়ানডাউনে ক্রিজে আসা এনামুল। দলের পক্ষে এটিই ব্যাক্তিগত সর্বোচ্চ স্কোর।
এর আগে উদ্বোধনী জুটির তামিম ইকবাল ২৮ রান ও শামসুর রহমান ২২ রান নিয়ে পাওয়ার প্লে পার করেছেন। কিন্তু সপ্তম ওভারের প্রথম বলেই মেন্ডিসের হাতে ফিরতি ক্যাচ তুলে দিয়ে মাঠ থেকে বিদায় নিয়েছেন শামসুর রহমান। থিসারা পেরেরার বলে এক দুর্দান্ত ক্যাচ ধরে তামিমকে সাজঘরে পাঠান ম্যাথুস। আউট হওয়ার আগে ২৫ বলে ৩০ রান করেছেন তিনি।
পরে ১৭ বলে ২৬ রান করে আউট হয়ে যান সাকিব। ১৬ রান করে নাসির আউট হলে অভিষেক ম্যাচে প্রথম বলেই সাজঘরে ফিরেছেন মিথুন আলী। লংকান বোলার কুলসেকারা ও থিসারা পেরেরা সর্বোচ্চ দুটি করে উইকেট পান।
চট্টগ্রামের স্টেডিয়ামে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ম্যাচের টসে জয় পায় বাংলাদেশ। টার্গেটে ব্যাট করার লক্ষ্যে শ্রীলংকাকে প্রথমে ব্যাট করতে আমন্ত্রণ জানান স্বাগতিক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। লংকানদের ওপেনার কুসল পেরেরার ৬৪ রানের সুবাদে ১৬৮ রান সংগ্রহ করে তারা। এছাড়া কুলসেকারার ৩১ রান ও থিসারা পেরেরার অপরাজিত ১৯ রানই উল্লেখযোগ্য। বাংলাদেশের বোলার মাশরাফি, সাকিব ও আরাফাত সানি প্রত্যেকে দুটি করে উইকেট পান।
খেলা
অল্পের জন্য হেরে গেল বাংলাদেশ
শ্রীলংকার দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাত্র দুই রানের জন্য হেরে গেল বাংলাদেশ। বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধরী স্টেডিয়ামে শ্রীলংকার ১৬৮ রানের জবাবে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা।





