জাপানের কাছে বড় ব্যবধানে হেরে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ১৭তম এশিয়ান গেমস শুরু করেছিল বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল তারা। কিন্তু এবারও হারল তারা। রোববার সিওনহাক হকি স্টেডিয়ামে ৫-১ গোলে হেরেছে চয়নরা।

ম্যাচের ২০ মিনিটে প্রথম গোল হজম করে বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে আবদুর রহিমের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। তবে ২৯ মিনিটে বাংলাদেশকে সমতায় ফেরান কৃষ্ণ কুমার।

তবে ৪৬ মিনিটে জলিল মারহানের ফিল্ড গোলে ফের এগিয়ে গেছে মালয়েশিয়া। ৫২ মিনিটে আহমেদ তাজউদ্দিন গোল করে ব্যবধান আরও বাড়িয়ে দিয়েছেন। ৬ মিনিট পরই পেনাল্টি কর্নার থেকে আবদুল্লাহ সেরুন গোল করলে ৪-১ ব্যবধানে এগিয়ে গেছে মালয়েশিয়া। ম্যাচের শেষ বাঁশি বাজার আগে পেনাল্টি কর্নার থেকে মালয়েশিয়ার পক্ষে পঞ্চম গোলটি করেছেন আবদুর রহিম রাজি।

মঙ্গলবার গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ।

ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই