বিশ্বকাপের ফাইনাল ম্যাচে জার্মানির কাছে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। সেই হারের প্রতিশোধ নেয়ার সুযোগ পাচ্ছে দলটি। কিন্তু এই ম্যাচে মাঠে নামতে পারছেন না অধিনায়ক লিওনেল মেসি। তাকে ছাড়াই বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে লাতিন দেশটি। বাংলাদেশ সময় আজ বুধবার রাত ১২টা ৪৫ মিনিটে মাঠে নামবে দল দুটি।

গত রোববার ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচে বার্সার হয়ে খেলতে নেমেছিলেন মেসি। সেই ম্যাচে চোট পেয়েছেন তিনি। যদিও ম্যাচটিতে ১-০ গোলে জিতেছে বার্সা।

ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা। এবার তারা প্রতিশোধ নেয়ার লক্ষ্যে মাঠে নামবে।

বিশ্বকাপের পর কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন আলেসান্দ্রো সাবেলা। তার স্থলাভিষিক্ত হন জেরার্ডো মার্টিনো। এই ম্যাচ দিয়ে অভিষেক হবে তার। তবে ম্যাচটিতে মেসি ছাড়া ম্যাক্সি রদ্রিগেজ, এজিকুয়েল গ্যারে ও রদ্রিগো প্যালাসিও ইনজুরির কারণে খেলতে পারবেন না।

এদিকে জার্মান কোচ জোয়াচিম লো দলে পাচ্ছেন না বিশ্বকাপজয়ী অধিনায়ক ফিলিপ লামকে। বিশ্বকাপের পর জাতীয় দল থেকে অবসর নিয়েছেন তিনি। এছাড়া বিশ্বকাপে ও যাবৎকালের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসে ও সেন্ট্রাল ডিফেন্ডার পার মার্তেস্যাকারও অবসর নিয়েছেন। আর ইনজুরির কবলে পড়ে এ ম্যাচে মাঠে নামছেন না আর্সেনাল তারকা মেসুত ওজিল। তবে তাই নিয়ে আশার আলো দেখছে স্বাগতিক দলটি। শেষ পর্যন্ত কি হয়, সেটাই এখন দেখার অপেক্ষা।

ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই