পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে ২৫১ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ক্রিজে আছেন তামিম (২) ও সৌম্য সরকার (১০)।
এর আগে বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ৪৯ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ২৫০ রান সংগ্রহ করেছে পাকিস্তান।
এদিন টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাট করে পাকিস্তান। এতে উদ্বোধনী জুটিতে তাদের সংগ্রহ দাঁড়ায় ৯১ রান।
অবশেষে ১৮তম ওভারে নাসিরের শেষ বলে মুশফিকের হাতে ক্যাচ আউট হন অভিষিক্ত সামি আসলাম (৪৫)।
ক্রিজে এসে ১৫ বলে মাত্র ৪ রান সংগ্রহ করতেই আরাফাত সানির বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফিরে গেছেন মোহাম্মদ হাফিজ।
হারিস সোহাইলকে সঙ্গে নিয়ে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন আযহার। গড়ে তোলেন ৯৮ রানের জুটি। এতে দুই উইকেটে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ২০৩ রান। কিন্তু আর মাত্র ৪৭ রান সংগ্রহ করতে হারায় বাকি আট উইকেট।
সেঞ্চুরির পর তুফান তোলা ব্যাটিং শুরু করতে দেয়ার আগেই আযহারকে সাজঘরে ফিরিয়ে দেন সাকিব। ৩৯তম ওভারের চতুর্থ বলে বোল্ড হওয়ার আগে ১১২ বলে ১০টি চারে ১০১ রান করেন।
পরের ওভারে মাশরাফির বলে মুশফিকের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান ৫৮ বলে ৫৩ রান করা হারিস সোহাইল।
পালাক্রমে আবার সাকিব ও মাশরাফি আঘাত হানেন। সাকিবের হাতে ফিরতি ক্যাচ তুলে দেন রিজওয়ান (৪) আর মাশরাফির বলে ফাওয়াদ আলমের (৪) এক দুর্দান্ত ক্যাচ ধরেন নাসির।
ওয়াহাব রিয়াজ (৭) রুবেলের বলে মাশরাফির হাতে ক্যাচ আউট হওয়ার পর সাকিব ও আরাফাত সানি রান আউট করেন উমর গুলকে (০)।
৪৮তম ওভারে রুবেলের তৃতীয় বলে তাসকিনের হাতে ক্যাচ আউট হন ২২ রান করা সাদ নাসিম। আর ৪৯তম ওভারের শেষ বলে জুনায়েদ খানকে বোল্ড করে সফরকারীদের ইনিংস গুটিয়ে দেন আরাফাত সানি।
বাংলাদেশের বোলার সাকিব, মাশরাফি, রুবেল ও আরাফাত সানি দুটি করে উইকেট পান। একটি উইকেট পান প্রথম জুটি ভেঙে দেয়া নাসির।
জেডআই





