ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। তবে এতে আরো দুই ধাপ অবনতি দেখছে বাংলাদেশ। গতকাল সর্বশেষ র্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবল সংস্থা- ফিফা।
এতে দুই ধাপ অবনতি নিয়ে তালিকায় বাংলাদেশের নাম শোভা পাচ্ছে ১৮৪ নম্বরে। বাংলাদেশের অর্জিত পয়েন্ট ৮৫ (৮৪.৫২)। বাংলাদেশের চেয়ে ০.১০ পয়েন্ট বেশি নিয়ে ১৮৩তম স্থান দখলে নিয়েছে চাইনিজ তাইপে।
বাংলাদেশের কমেছে ৮ র্যাঙ্কিং পয়েন্ট। আগের র্যাঙ্কিং তালিকায় বাংলাদেশের সংগ্রহ ছিল ৯৩ পয়েন্ট।
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। সদ্য কোপা আমেরিকা সেন্টেনারিও আসরের রানার্সআপ আর্জেন্টিনার সংগ্রহ ১৫৮৫ পয়েন্ট।
আগের র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার সংগ্রহ ছিল ১৫০৫ পয়েন্ট। এবারে ইউরো কাপ শিরোপাজয়ী পর্তুগাল সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে দেখছে দুই ধাপ উন্নতি।ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের অবস্থান ৬ নম্বরে।
ইউরো কাপের ফাইনালিস্ট ফ্রান্স ১০ ধাপ উন্নতি নিয়ে উঠে এসেছে ৭-এ। তবে র্যাঙ্কিংয়ে অবনতি দেখছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও ব্রাজিল।
দুই ধাপ নেমে গিয়ে স্পেনের অবস্থান তালিকার ৮ নম্বরে। আর সর্বশেষ কোপা আমেরিকা আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া ব্রাজিলের অবস্থান ৯।
র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচ স্থানে পরিবর্তন নেই। বেলজিয়াম, কলম্বিয়া, জার্মানি ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি ধরে রেখেছে যথাক্রমে দ্বিতীয় থেকে পঞ্চম স্থান।
এবারের ইউরো কাপে মলিন নৈপুণ্য নিয়ে শীর্ষ দশ থেকে ছিটকে পড়েছে অস্ট্রিয়া। আর দুই ধাপ উন্নতি নিয়ে সর্বশেষ র্যাঙ্কিংয়ে ইতালির অবস্থান ১০-এ।
সর্বশেষ তিন মহাদেশীয় ফুটবল আসর ওএফসি (ওশেনিয়া) নেশন্স কাপ, কোপা আমেরিকা সেন্টেনারিও ও ইউরো চ্যাম্পিয়নশিপসহ ২২৮টি আন্তর্জাতিক ম্যাচের ফলের ভিত্তিতে প্রকাশিত হলো সর্বশেষ ফিফা র্যাঙ্কিং।
ওশেনিয়ান কাপ আসরে সাফল্য নিয়ে এবারের র্যাঙ্কিংয়ে সবচেয়ে লম্বা লাফটি কিউইদের। ওএফসি নেশন্স কাপ চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড তালিকায় উন্নতি দেখছে ৫৪ ধাপ। র্যাঙ্কিংয়ের ৯৩তম স্থানের নিউজিল্যান্ড সুযোগ পাচ্ছে রাশিয়ায় ২০১৭ কনফেডারেশন্স কাপে।
ইউরো কাপে চমকের দল আইসল্যান্ড ও ক্রোয়েশিয়া র্যাঙ্কিংয়ে দেখছে ১২ ধাপ উন্নতি। ক্রোয়েশিয়া ১৫ ও আইসল্যান্ড উঠে এসেছে ২২তম স্থানে।
আর র্যাঙ্কিং পয়েন্টে বড় লাফটা ওয়েলসের। ইউরো কাপের সেমিফাইনালিস্ট ওয়েলসের বেড়েছে সর্বাধিক ২৯১ পয়েন্ট।
এবারই প্রথম ফিফা র্যাঙ্কিং তালিকায় স্থান পেলো পূর্ব ইউরোপের দেশ কসোভো। সাবেক যুগোস্লাভ-আলবেনিয়ান রাষ্ট্র কসোভোর অবস্থান তালিকার ১৯০ নম্বরে।
আসরের শতবর্ষ উদযাপনে এক বছরের ব্যবধানে দ্বিতীয়বার কোপা আমেরিকা ফুটবল প্রতিযোগিতা উপভোগের সুযোগ পান ক্রীড়ামোদিরা। আর এতে ফলটা ছিল অবিকল।
২০১৫ কোপা আমেরিকা ফাইনালে আর্জেন্টিনাকে ফাইনালে টাইব্রেকারে হারায় চিলি। আর সর্বশেষ আসরেও লিওনেল মেসির আর্জেন্টিনা হতাশায় ডোবে চিলির বিপক্ষে টাইব্রেকারের হারে।
পরবর্তী ফিফা র্যাঙ্কিং প্রকাশিত হবে আগামী ১১ই আগস্ট।
এমই





