অভিষেক ম্যাচ ৫ উইকেট শিকারী মুস্তাফিজুর রহমান দ্বিতীয় ম্যাচেও ৫ উইকেট শিকার করেছেন। ম্যাচের প্রথম ওভারে রোহিত বিদায় করে দেয়ার পর দ্বিতীয় স্পেলে বল হাতে সুরেশ রায়না, ধোনি, পাটেল ও অশ্বিনকে সাজঘরে ফেরত পাঠিয়েছেন তিনি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করেছে ভারত। ক্রিজে আছেন জাদেজা (১০) ও কুমার (০)।
রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নামে টসজয়ী ভারত। তবে বল হাতে শুরুটা দুর্দান্ত করেছে বাংলাদেশ।
ইনিংসের প্রথম ওভারে মুস্তাফিজের দ্বিতীয় বলে সাব্বির রহমানের হাতে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরে যান ভারতীয় ওপেনার রোহিত শর্মা। তবে পাওয়ার প্লে'র বাকি সময় দাপট দেখায় ভারতীয় ব্যাটসম্যানরা।
তবে খেলার ১৩তম ওভারের তৃতীয় বলে নাসিরের বলে এলবিডব্লিউ'র ফাঁদে পড়ে মাঠ থেকে বিদায় নিয়েছেন বিরাট কোহলি। আউট হওয়ার আগে ২৭ বলে একটি ছক্কা ও তিনটি চারে ২৩ রান করেছেন তিনি।
২১তম ওভারে পঞ্চম বলে শিখর ধাওয়ানকে বিদায় করে দেন নাসির। তার বলে উইকেটরক্ষক লিটন দাসের তালুবন্দী হন ৬০ বলে ৫৩ রান করা ধাওয়ান।
পরের ওভারে রুবেলের চতুর্থ বলে নাসিরের হাতে ক্যাচ আউট হন রানের খাতা খুলতে না পারা আমবাতি রাইদু।
রায়নাকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন অধিনায়ক ধোনি। তাদের জুটি থেকে আসে ৫৩ রান। অবশেষে এই জুটি ভেঙে দেন প্রথম উইকেট শিকারী মুস্তাফিজ।
দ্বিতীয় পাওয়ার প্লে'র প্রথম ওভারে মুস্তাফিজুর রহমানের বলে ক্যাচ আউট হন রায়না। উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেয়ার আগে ৩৪ রান করেন তিনি।
৪০তম ওভারে ভারত শিবিরে জোড়া আঘাত হানেন বাঘের বাচ্চা মুস্তাফিজ। ওভারের তৃতীয় বলে ৪৭ রান করা ধোনিকে বিদায় করে দেন তিনি। তার বলে ক্যাচ ধরেন সৌম্য সরকার।
একই ওভারের চতুর্থ বলে আজার পাটেলকে এলবিডিব্লউ'র ফাঁদে ফেলে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেন অভিষেকে ৫ উইকেট শিকারী পেসার মুস্তাফিজ। কিন্তু শেষ পর্যন্ত হ্যাটট্রিক করা হয়নি তার।
৪২তম ওভারের শেষ বলে আবার আঘাত হানেন তরুণ টাইগার। অভিষেকের পর টানা দুই ম্যাচে ৫ উইকেট শিকারের রেকর্ড গড়লেন তিনি। তার বলে লিটন দাসের হাতে ক্যাচ আউট হয়ে বিদায় নিয়েছেন অশ্বিন (৪)
তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে আছে বাংলাদেশ। এই ম্যাচে জয় পেলে সিরিজটি নিজেদের করে নিতে পারবে স্বাগতিকরা।
জেডআই





