বিশ্বকাপের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে হেরে বড় ধাক্কা খেয়েছে হট ফেভারিট ভারত। আর সেই হারের ফলে এখন প্রবল চাপে মহেন্দ্র সিং ধোনিরা।
ধোনি নিজেই বৃহস্পতিবার কথাটা স্বীকার করে নিয়েছেন।
ভারতের এর পরের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে ইডেন গার্ডেন্সে। আগামী শনিবারের এই মরা-বাঁচা ম্যাচে অনেকটা ফুরফুরে মেজাজে নামবে শাহিদ আফ্রিদির পাকিস্তান।
কারণ বুধবার বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে অনেকটা সুবিধাজনক অবস্থানে পাকিস্তান।
অন্যদিকে কিউয়িদের বিরুদ্ধে নাগপুর ম্যাচে অপ্রত্যাশিত হারের ধাক্কায় কাবু ভারত। ফলে সংবাদ সম্মেলনে ধোনি স্বীকার করে নিয়েছেন পাকিস্তান ম্যাচের গুরুত্বের কথা।
ধোনি জানিয়েছেন, আগামী তিনটি ম্যাচ অর্থাৎ পাকিস্তান, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে দলকে। এক্ষেত্রে সবকটি ম্যাচই নক আউট ম্যাচের মতো করে খেলতে হবে। একটায় হেরেছ কী, একেবারে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে দলকে।
একইসঙ্গে ধোনি যোগ করেছেন, প্রথম ম্যাচ হারা সবসময়ই কঠিন হয়ে দাঁড়ায়। এখন সবকটিই 'ডু অর ডাই ম্যাচ'। তবে আশা করি এখান থেকে আমরা ঘুরে দাঁড়াতে পারব।
এআইজে





