পাকিস্তান ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালক প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক টেস্ট অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ। তিনি তার পদত্যাগ পত্র বোর্ডের নতুন চেয়ারম্যান নাজাম শেঠীর কাছে জমা দিয়েছেন।
২০০৮ সাল থেকে মিয়াঁদাদ পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই পদে দায়িত্ব পালন করে আসছিলেন। মাত্র চারদিন আগে পাকিস্তান সরকার বোর্ডের চেয়ারম্যান জাকা আশরাফকে অব্যাহতি দেবার পাশাপাশি পুরো কার্যনির্বাহী বোর্ডকে বিলুপ্ত ঘোষণা করে। এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার বোর্ড বিলুপ্তির পাশাপাশি ক্রিকেট সংক্রান্ত বিষয়াদী পরিচালনার জন্য পরিচালনা কমিটিও নিয়োগ দিয়েছে। এই কমিটি গত মঙ্গলবার তাদের প্রথম সভায় নাজাম শেঠীকে বোর্ড প্রধান হিসেবে নির্বাচিত করে। এ সম্পর্কে বোর্ডের এক মুখপাত্র জানিয়েছেন, মিয়াঁদাদের পদত্যাগ পত্র পাওয়া সম্পর্কে চেয়ারম্যান আমাদের নিশ্চিত করেছেন । বিষয়টি পরবর্তী পরিচালনা কমিটির সভায় সিদ্ধান্ত হবে।
উল্লেখ্য, গত মাসে ইসলামাবাদ হাই কোর্ট থেকে আশরাফকে যখন পুনরায় বোর্ড চেয়ারম্যান হিসেবে বহাল রাখার আদেশ দেয়া হয় তখন মিয়াঁদাদ বোর্ডের বিভিন্ন বিষয়ে মূখ্য ভূমিকা পালন করেছেন এবং তাকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কমিটিতে বিভিন্ন পদে দায়িত্ব দেয়া হয়েছিল।
ঢাকা,১৫ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি)//জেডআই