'বসুন্ধরা বাংলাদেশ ওপেন-২০১৫' গলফ টুর্নামেন্টের শিরোপা জিতেছেন সিঙ্গাপুরের গলফার মার্দান মামাত।
কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত চার দিনব্যাপী এ টুর্নামেন্টের শেষ দিনে শনিবার পারের চেয়ে ১৪ শট কমে খেলে শিরোপা জিতে নেন টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই লিডার বোর্ডের শীর্ষে থাকা মামাত।
টুর্নামেন্টে যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছেন দক্ষিণ কোরিয়ার সুমিন লি ও ভারতের খালিন জোসী। চতুর্থ রাউন্ডের খেলা শেষে দুই জনই পারের চেয়ে ১২ শট কম খেলেছেন। তৃতীয় স্থানে রয়েছেন স্পেনের কার্লোস পিজেম। তিনি পারের চেয়ে ১১ শট কম খেলেছেন।
এ আসরে বাংলাদেশি গলফারদের মধ্যে সেরা দশে নেই কেউ। দেশি গলফারদের মধ্যে সম্মিলিতভাবে ১৯তম হয়েছেন শাখওয়াত হোসেন সোহেল।
সম্মিলিতভাবে ৩৮তম স্থানে আছেন বাংলাদেশের তিন গলফার দিল মোহাম্মদ, সিদ্দিকুর রহমান ও দুলাল হোসেন। আর যৌথভাবে ৬৩তম হয়েছেন সজীব আলি। সর্বশেষ ৬৮তম হয়েছেন অপর দেশি গলফার নূর জামাল।
বিকেলে কুর্মিটোলা গলফ ক্লাবে বসুন্ধরা বাংলাদেশ ওপেনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ও টুর্নামেন্টের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ‘বসুন্ধরা-বাংলাদেশ ওপেন-২০১৫’ গলফ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মার্দান মামাতের হাতে ৫৪ হাজার মার্কিন ডলার প্রাইজমানির চেক তুলে দেন। আর মামাতের হাতে ট্রফি তুলে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া।
জেডআই





