ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোক প্রশাসন বিভাগের আয়োজনে ‘ইফাদ’-এর সহযোগিতায় অনুষ্ঠিত পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন প্রিমিয়ার লিগ (পিএপিএল)-২০১৬ চ্যাম্পিয়ন হয়েছে ৫ম ব্যাচের শিক্ষার্থীরা।

ঢাবির জহুরুল হক মাঠে সোমবার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ৬ষ্ঠ ব্যাচকে ৩৭ রানে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে বর্তমানে বিভাগের প্রবীণতম ব্যাচের শিক্ষার্থীরা।

অন্তঃবিভাগ এই টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে সম্রাট সিরাজুল ইসলামের অর্ধশতকের সুবাদে নির্ধারিত ওভারে সাত উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে ৫ম ব্যাচ। সম্রাটের সঙ্গে ৪৫ রান করে দলীয় সংগ্রহে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মেহেদি হাসান রানা। ১৪ রানের বিনিময় দু্ই উইকেট তুলে নেয়া সাব্বির ৬ষ্ঠ ব্যাচের সেরা বোলার।

জবাবে ব্যাট করতে নেমে সিনিয়রদের বোলিং তোপে মাত্র ১৪.৪ ওভারে ১১৯ রানেই থেমে যায় ৬ষ্ঠ ব্যাচের রানের গতি। আল শাহরিয়ারের ৩২ রান ও ইমনের ২৯ রানই উল্লেখযোগ্য স্কোর। অনুজদের ব্যাটিং লাইন ধ্বসিয়ে দিতে বল হাতে চমক দেখিয়েছেন তানজিলুর রহমান চৌধুরী। ১১ রান দিয়ে তিনটি উইকেট তুলে নিয়েছেন তিনি।

৫০ রানের সঙ্গে এক উইকেট তুলে নেয়া অল রাউন্ডার সম্রাট হয়েছেন ম্যাচ সেরা। টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন ১২৭ রানের সঙ্গে ৫ উইকেট পাওয়ায় সাদাত বিন ইউসুফ।

লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আখতার হুসাইন ও অন্যান্য শিক্ষকরা উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বিভাগের সব ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এমবি/এবি