ভারতের বিপক্ষে হার দিয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। রোববার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৬ রানে হেরেছে স্বাগতিকরা।
ম্যাচটিতে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত। দলীয় ৩ রানে প্রথম উইকেট হারালেও নয় উইকেট হাতে রেখে নির্ধারিত ২০ ওভারে ১০১ রান সংগ্রহ করে সফরকারীরা। ভারতের ওপেনার মিথালি রাজ ৬৪ বলে চারটি চারের সুবাদে ৫৫ রান করেন। তার সঙ্গে ৪৬ বলে দুটি চারে ৪২ রানের হা না মানা ইনিংস খেলেন পুনম রাউত।
জবাবে দলীয় ৪ রানে ওপেনার শামীমা সুলতানাকে হারায় বাংলাদেশ। তবে দ্বিতীয় জুটিতে ৩৫ রান সংগ্রহ করেন আয়েশা রহমান (১৮) ও সানজীদা ইসলাম (১৫)। এরপর মাত্র ৪৮ রানেই চার উইকেট হারায় স্বাগতিকরা। তবে দলনেতা সালমা খাতুন ও রুমানা আহমেদ ফের আশার আলো দেখান। কিন্তু দলীয় ৭২ রানে পঞ্চম উইকেট হারানোর পর আর মাত্র ১৩ রান সংগ্রহ করতেই বাকি পাঁচটি উইকেট হারায় তারা। এতে নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ৮৫ রান সংগ্রহ করতে পারে বাংলাদেশ। ফলে ১৬ রানে হেরে যায় তারা। দলের পক্ষে রুমানার ২১ রানই সর্বোচ্চ। এছাড়া সালমা করেন ১৫ রান।
ভারতের বোলার শ্রাবন্তী নাইডু ৩ ওভার বল করে মাত্র ৯ রানের বিনিময় ৪টি উইকেট শিকার করেন।