বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হার দিয়ে সফর শুরু করা পাকিস্তান শেষ পর্যন্ত টেস্ট সিরিজ জিতে সফর শেষ করেছে।

শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শেষ হওয়া টেস্ট সিরিজে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে রয়েছেন পাকিস্তানের ব্যাটসম্যান আযহার আলী। দুই ম্যাচ টেস্ট সিরিজের তিন ইনিংসে ব্যাট করে মোট ৩৩৪ রান সংগ্রহ করেছেন তিনি। ঢাকা টেস্টে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পূর্ণ করা আযহার ২৮টি চার ও তিনটি ছক্কা হাঁকিয়েছেন।

সর্বোচ্চ রান স্কোরারদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। খুলনা টেস্টে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করা এই ব্যাটসম্যান ৪ ইনিংসে মোট ২৭৭ রান সংগ্রহ করেছেন।

তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন বাংলাদেশের ইমরুল কায়েস ও পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। খুলনাতে দেড়শ' রান করা ইমরুলের ৪ ইনিংসে মোট রান ২৪৯। আর প্রথম ইনিংসে ২২৪ রান করা মোহাম্মদ হাফিজ ৩ ইনিংসে করেছেন মোট ২৩২ রান।

তাদের পরের স্থানে আছেন আরেক পাকিস্তানি ইউনিস খান। তিন ইনিংসে একটি সেঞ্চুরিতে মোট ২২০ রান সংগ্রহ করেছেন এই ব্যাটসম্যান।

জেডআই