২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে হেরে গেছে ব্রাজিল ও নেদারল্যান্ডস। এবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আরেকবার হার-জিতের মুখোমুখি হবে তারা। আগামীকাল শনিবার বাংলাদেশ সময় রাত ২টায় মাঠে নামবে দল দুটি।

সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরেছে স্বাগতিক ব্রাজিল। আর টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে ৪-২ গোলে হারে নেদারল্যান্ডস। এবার শেষ জয় নিয়ে বিশ্বকাপ মিশন শেষ করার লক্ষ্য দল দুটির।

মুখোমুখি লড়াইয়ে এখন পর্যন্ত সমানে সমান সাম্বার দেশ ও কমলাবাহিনী। ১১ বারের দেখায় উভয় দলই তিনটি করে জয় পেয়েছে। আর বাকি পাঁচটি ম্যাচ ড্র হয়েছে। গোলের হিসাবটিও একই। দল দুটি ১৫টি করে গোল করলেও সমান সংখ্যক গোল হজম করেছে। এবার তাদের এগিয়ে যাওয়ার লড়াই।

এই ম্যাচে ব্রাজিল দল অনেকটা স্বস্তিতে থাকতে পারে। কারণ নিষেধাজ্ঞ কাটিয়ে মাঠে নামবেন ডিফেন্ডার ও অধিনায়ক থিয়াগো সিলভা। এদিকে দলের মনোবল বৃদ্ধির জন্য সেলেকাওদের প্রাণভোমরা নেইমারও দলে থাকবেন বলে জানিয়েছেন এক কর্মকর্তা। এতে অন্তত শেষ ম্যাচে জয় নিয়ে নিজ দেশের মাটিতে বিশ্বকাপ মিশনে ইতি টানতে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিপরীতে চোট সমস্যামুক্ত নেদারল্যান্ডস। ৫-১ গোলে স্পেনকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা দলটি জয় দিয়ে লড়াইয়ে ইতি টানতে চায়। কিন্তু সেমিফাইনালের লড়াইয়ে আর্জেন্টিনার কাছে সুবিধা করতে পারেনি। পেনাল্টি শট নিতেও অনেকটা সাহসিকতার অভাব ছিল তাদের। হেরে গেছে টাইব্রেকারে। এবার সেখান থেকে ঘুরে দাঁড়াতে হবে তাদের।

সেমিফাইনালের মতো এবারও তাদের দলের আক্রমণ ভাগে থাকবেন আর্জেন রোবেন, রবিন ভন পার্সি ও স্নেইডার। ভ্লারদেরকে নিয়ে সাজানো আগের ম্যাচের রক্ষণভাগও এই ম্যাচে দেখা যেতে পারে।

ঢাকা, ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেডআই