ভারত 'এ' দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বৃষ্টি আইনে ৭৫ রানে হেরেছে বাংলাদেশ 'এ' দল। সেই সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজ হারল সফরকারীরা।
সিরিজের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারলেও দ্বিতীয় ম্যাচে দাপুটে জয়ে সিরিজে সমতা আনে মুমিনুল হকের দল। কিন্তু সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে বল ও ব্যাটে ব্যর্থতার পরিচয় দিয়ে সিরিজটি হারাল তারা।
রোববার ব্যাঙ্গালুরেতে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৪৬ ওভারে বাংলাদেশকে ২৯০ রানের লক্ষ্য বেধে দেয়া হয়। ৩২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করতেই ফের বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। ফলে ডি/এল মেথডে ৭৫ রানে জয় পায় ভারত।
এদিন জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ভারতীয়দের বোলিং চাপে পড়ে যায় বাংলাদেশের ব্যাটসম্যানরা। দলীয় তিন রানে সৌম্য সরকারের (১) বিদায়ের পর আর এক রান যোগ হতেই বিদায় নেন ওয়ানডাউনে ক্রিজে নামা এনামুল হক (১)।
দলীয় ২৩ রানে বিদায় নেন আরেক ওপেনার রনি তালুকদার (৯)। মুমিনুল ও লিটন দাস রানের চাকা ঘুরানোর চেষ্টা করলেও বেশি দূর যেতে পারেননি। দলীয় ৬৮ রানে কুলদিপ যাদবের বলে উইকেটরক্ষক স্যামসনের হাতে ক্যাচ তুলে দেন ২১ রান করা লিটন। একই বোলারের বলে কুলকারনির হাতে মুমিনুল ক্যাচ আউট হলে ৭৭ রানেই সফরকারীরা হারায় ৫ উইকেট। দলনেতা মুমিনুল ৫০ বলে ৩৭ রান করেন।
সাব্বির ও নাসির দলের হাল ধরেন। কিন্তু তাতে আশার আলো দেখাতে পারেননি। আগের ম্যাচে অপরাজিত সেঞ্চুরি করা নাসির ২২ রান করতেই সাজঘরে ফিরে যান।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে সাব্বির ৪১ রান ও আরাফাত সানি ২ রান নিয়ে অপরাজিত থাকেন।
এর আগে নির্ধারিত ৫০ ওভারে সুরেশ রায়নার সেঞ্চুরির সুবাদে ৬ উইকেটের বিনিময় ২৯৭ রান সংগ্রহ করে ভারত 'এ' দল। ৯৪ বলে ১০৪ রান করে বিদায় নেন রায়না। এছাড়া স্যামসন ৯০ ও উন্মুক্ত চাঁদ ৪১ রান করেন।
বাংলাদেশের বোলার শফিউল ইসলাম সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেন। একটি করে উইকেট পান আল আমিন, রুবেল, আরাফাত ও নাসির হোসাইন।
জেডআই





