দুর্ঘটনা, দুর্ভাগ্য শব্দ দুটির মর্মার্থ নেইমারের চেয়ে ভালো কে বুঝবে! ৪ জুলাই কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষের ওই ম্যাচটি নিশ্চিত সারা জীবন তাড়া করে ফিরবে ব্রাজিলীয় ফরোয়ার্ডকে। হঠাত কলম্বিয়ান ডিফেন্ডার হুয়ান ক্যামিলা জুনিগা পেছন থেকে লাফিয়ে উঠে এমনভাবে ট্যাকল করলেন, মারাত্মক চোটে বিশ্বকাপ-স্বপ্নটাই উবে গেল মুহূর্তে।
তবে নেইমার জানালেন, সেদিন অল্পের জন্য বিরাট দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন। আরেকটু হলেই চিরতরে পঙ্গু হয়ে যেতেন ব্রাজিলের পোস্টার বয়!
ছয় দিন পর রিও ডি জেনিরোয় সাংবাদিকদের মুখোমুখি হলেন নেইমার। অশ্রুচোখে বললেন, ‘ঈশ্বর আমার সহায় ছিলেন। দুই সেন্টিমিটার নিচে লাগলেই চিরতরে হুইল চেয়ারে থাকতে হতো!’ সেদিন জুনিগার আঘাতে নেইমারের মেরুদণ্ডের তৃতীয় কশেরুকা ক্ষতিগ্রস্ত হয়। আরেকটু নিচে আঘাতটা লাগলে কোমরের বিরাট ক্ষতি হয়ে যেত। তাতে নেইমারের খেলোয়াড়ি জীবন তো বটেই, গোটা জীবনই পড়ে যেত সংশয়ে।

যার জন্য এ দুর্দাশা, সেই জুনিগাকে কি ক্ষমা করেছেন নেইমার? বললেন, ‘বলব না সে আমাকে আঘাত করতে ছুটে এসেছিল। জানি না তার মাথায় তখন কী কাজ করেছিল। তবে ফুটবল যাঁরা বোঝেন, তাঁরা নিশ্চয় দেখেছেন এটি কোনো স্বাভাবিক ট্যাকল ছিল না।’ তবে নেইমারের কোনো ক্ষোভ নেই জুনিগার ওপর। বলেন, ‘তাকে ক্ষমা করেছি। তার ওপর কোনো রাগ নেই। পরদিন সে আমার কাছে ক্ষমা চেয়েছিল। সে বলেছিল, ইচ্ছা করে আমাকে আঘাত করেনি।’
ঢাকা, ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





