বৃষ্টির কারণে সাময়িক ভাবে বন্ধ হয়ে গেছে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচ।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি শুরুর আগে ১৫.৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। তামিম ইকবাল (৫৭) ও লিটন দাস (৩) রান নিয়ে অপরাজিত আছেন।

এদিন ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুম-ধাড়াক্কা ব্যাটিং করতে থাকে বাংলাদেশ। প্রথম ১০ ওভারেই সংগ্রহ করে ৭৯ রান।

২০১৪ সালের ডিসেম্বরে ওয়ানডেতে অভিষেক হওয়া সৌম্য সরকারের দ্বিতীয় অর্ধ শতকে দলীয় শত রান পূর্ণ হয়।

তবে ১৩.৪ ওভারে হাফ সেঞ্চুরি করা সৌম্য সরকার রান আউটের ফাঁদে পড়েন। সুরেশ রায়না থ্রোয়িং করা বল সরাসরি স্টাম্পে লেগে যায়। ফলে টাইগারদের প্রথম উইকেটের পতন হয়।

পরে তামিম ইকবালও ক্যারিয়ারের ৩০তম ওয়ানডে অর্ধ শতক পূর্ণ করেছেন। তার সঙ্গে তাল মিলিয়ে যাচ্ছেন অভিষিক্ত লিটন দাস।

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ম্যাচটিতে বাংলাদেশের হয়ে ওয়ানডে অভিষেক হয়েছে লিটন দাস ও মুস্তাফিজুর রহমানের।

এর আগে ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্টে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটনের। আর পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে অভিষেক হয় বাঁহাতি পেসার মুস্তাফিজের।

চার পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। ১৪ জনের দল থেকে একাদশে নেই রনি তালুকদার, আরাফাত সানি ও মুমিনুল হক।

ভারত দলে নেই অক্ষর প্যাটেল, স্টুয়ার্ট বিনি, অম্বাতি রাইডু ও ধাওয়াল কুলকার্নি। তিন পেসার ও দুই স্পিনার নিয়ে খেলছে ভারত।

জেডআই