নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি ২০-তে টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ। ৪৬ রানে প্রথম সারির তিন ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। সেখান থেকে দলকে টেনে তোলেন কলিন মুনরো ও টম ব্রুস জুটির ১২৩ রান।
নিউজিল্যান্ডের সংগ্রহ ২০ওভারে ১৯৫/৬। টম ব্রুস ৬১ এবং স্যাটনার শূন্য রানে ব্যাট করছেন।
শুক্রবার মাউন্ট মাঙ্গানুইতে টস জিতে প্রথম বলেই উইকেট এনে দেন অধিনায়ক মাশরাফি। রানের খাতা খোলার আগেই লুক রনকি মাশরাফির বলে মোসাদ্দেক হোসেন সৈকতের তালুবন্দি হন।
এরপর কলিন মুনরো আর অধিনায়ক কেন উইলিয়ামসন প্রতিরোধ গড়ে তোলেন। সাকিব বল হাতে এসেই ৪২ রানের এই জুটি ভাঙেন উইলিয়ামসনকে (১২) তামিমের তালুবন্দি করে। দলীয় ৪৬ রানে মোসাদ্দেক হোসেনের বলে সরাসরি বোল্ড হন কোরি অ্যান্ডারসন চার রান করে।
এরপর মুনরো টম ব্রুসকে নিয়ে ঝড় তোলেন। ১২৩ রানের এই জুটি ভাঙেন রুবেল হোসেন। মাত্র ৫৪ বলে সমান ৭টি করে চার-ছয়ে ১০১ রান করা মুনরোকে দলীয় ১৬৯ রানে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন রুবেল। এক বল পরেই তিনি কলিন গ্রানড্রমিকে সরাসরি বোল্ড করেন। শেষ ওভারের প্রথম বলে রুবেল নিশামকে বোল্ড করে তৃতীয় শিকার তুলে নেন।
প্রথম ম্যাচের দল নিয়েই মাঠে নেমেছে টাইগাররা। ফলে নিউজিল্যান্ড সিরিজে টি ২০-তেও অভিষেক হল না অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের।
নেপিয়ারে প্রথম ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। আগামী ৮ জানুয়ারি মাউন্ট মাঙ্গানুইতেই হবে শেষ টি ২০।
মাহমুদ





