ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশের পর ব্যাটিং ব্যর্থতায় প্রথম টেস্টেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০ উইকেটে হেরেছে বাংলাদেশ। অভিষেক টেস্টে বাংলাদেশের তাইজুল ইসলাম প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শতক হাঁকান টাইগার দলপতি মুশফিকুর রহিম।
এর আগে সাত উইকেটে ৪৮৪ রান করে ইনিংস ঘোষণা করেছিল ক্যারিবীয়রা। আর ১৮২ রানেই থেমেছিল বাংলাদেশের প্রথম ইনিংস।
কিংস্টনে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মান বাঁচানোর লড়াইয়ে যোদ্ধা হিসেবে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছেন প্রথম ইনিংসে ৩৫ রান করা শামসুর রহমান। দলীয় ১১ রানের মাথায় উইকেটের পিছনে ক্যাচ দিয়ে রোচের বলে সাজঘরে ফেরেন তিনি। দ্বিতীয় ইনিংসে তার রান মাত্র ৪।
আগের ইনিংসে ব্যর্থ ইমরুল কায়েস উইকেটে এসে গেইলের বলে এডওয়ার্ডসের তালুবন্দি হওয়ার আগে করেন ২৫ রান। তবে, বাঁহাতি ওপেনার তামিম ইকবালের সঙ্গে ৭০ রানের একটি জুটি গড়ে গিয়েছেন তিনি।
গত ইনিংসে ৫ উইকেট পাওয়া বেনের ঘূর্ণিতে বোল্ড হওয়ার আগে তামিম খেলেন ৫৩ রানের ইনিংস। আর মুমিনুল হক বেনের প্রথম শিকারে পরিনত হওয়ার আগে করেন ১২ রান। এছাড়া মিডল অর্ডারে মাহামুদুল্লাহ করেন ৬৬ রান।
পঞ্চম দিনের শুরুতে আগের দিনের ৭ রানের সঙ্গে ব্যক্তিগত আরো ১২ রান যোগ করে রোচের বলে গ্যাব্রিয়েলের তালুবন্দি হন নাসির হোসেন। আউট হওয়ার আগে মুশফিকের সঙ্গে ৪২ রানের জুটি গড়েন নাসির।
প্রথম ইনিংসে ৪৮ রানে অপরাজিত থাকা ব্যাটসম্যান বাংলাদেশের দলপতি মুশফিক ক্যারিয়ারের তৃতীয় টেস্ট শতক তুলে নেন দ্বিতীয় ইনিংসে। আগের দিনের ৭০ রান নিয়ে ব্যাটিংয়ে আসেন তিনি।
মুশফিকের ইনিংসটি সাজানো ছিল দারুন আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে। দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে ২২১ বল মোকাবেলা করে ১২টি চার আর ১টি ছয়ে মুশফিক করেন ১০০ রান। ছক্কা মেরে তিনি শতক পূর্ণ করেন।
মুশফিক টেইলরের বলে ব্রাভোর হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেওয়ার আগে ১৫টি চার আর একটি ছয়ে ২৪৩ বল মোকাবেলা করে ১১৬ রান করেন।
১১৩.৩ ওভারে বাংলাদেশের ৩১৪ রানে ইনিংস শেষ হয়। মাত্র ১২ রানের লিড নিয়েছিল মুশফিকরা। ওয়েস্ট ইন্ডিজের ওপেনাররা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সহজেই উতরে যায় এ টার্গেট।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ৪৮৪/৭ ডিক্লেয়ার ও ১৩/০; (ব্রার্থহোয়াইট ২১২, চন্দরপল ৮৫, গেইল ৬৪; তাইজুল ৫/১৩৫)
বাংলাদেশ: ১৮২ ও ৩১৪; (মুশফিক ১১৬, রিয়াদ ৬৬; রোচ ৪/৬৪, গ্রিবাইল ২/২৫, সুলেইমান ২/৪৪)
ফল : ওয়েষ্ট ইন্ডিজ ১০ উইকেটে জয়ী
ঢাকা, ৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





