কোপা আমেরিকায় সবচেয়ে সফল দল উরুগুয়ে। এই আসরে সর্বোচ্চ ১৫ বার চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আমেরিকার অন্যতম শক্তিশালী এই দলটি। কিন্তু এবার শতবর্ষী পূর্তির বিশেষ আসরে অসহায়ভাবে আত্মসমর্থণ করেছে অস্কার তাবারেজের দলটি।

কোপা আমেরিকা সেন্তেনারিওতে নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর বিপক্ষে হেরেছে উরুগুয়ে। তাই গ্রুপ ‘সি’তে নিজেদের দ্বিতীয় ম্যাচটিতে জয় খুবই গুরুত্বপূর্ন হয়ে পড়েছিল তাদের। কিন্তু লুইস সুয়ারেজহীন এই ম্যাচেও ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ গোলে হেরে টুর্নামেন্টে থেকে ছিটকে পড়েছে উরুগুয়ে।

শুক্রবার ভোরে ভেনেজুয়েলার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে মুখোমুখি হয় শক্তিশালী উরুগুয়ে। কিন্তু টানা দুই হারে কোপা আমেরিকার শতবর্ষী আসর থেকে বিদায় নিলো টুর্নামেন্টের সবচেয়ে সফল দলটি।

ভেনেজুয়েলার বিপক্ষে দলের ফরোয়ার্ডদের ভুলে মাশুল দিতে হয়েছে উরুগুয়েকে। শুরু থেকেই আক্রমনাত্মক খেলছিল তারা। কিন্তু উল্টো ৩৬ মিনিটে রোনডোনের গোলে পিছিয়ে পড়ে উরুগুয়ে। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় দলটি।

ম্যাচের ফলাফল পরিবর্তণ করার জন্য উরুগুয়ের কোচ তাবারেজ এদিন সব চেষ্টাই করেছেন। খেলার মাঝে তিনজন পরিবর্তন করে গোলের চেষ্টা চালান তিনি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।

প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরিয়া হয়ে উঠে উরুগুয়ে। কিন্তু বারবার গোলের সুযোগ তৈরী করেও কাজের কাজ কিছুই করতে পারেনি অস্কার তাবারেজের শিষ্যরা। এদিকে লিড ধরে রাখতে নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা চালায় ভেনেজুয়েলা। ফলে ম্যাচের শেষপর্যন্ত আর কোনো গোল হয়নি। তাই ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে উরুগুয়েকে।

এই ম্যাচে জয়ের ফলে ‘সি’গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে মেক্সিকোর সঙ্গে শীর্ষে রয়েছে ভেনিজুয়েলা। অন্যদিকে নিজেদের দুটি ম্যাচেই হারের স্বাদ পেয়েছে উরুগুয়ে এবং জ্যামাইকা।

এমআইএস