নামিবিয়ার বিপক্ষে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক বাংলাদেশ।
আজ (মঙ্গলবার) কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে এই সিদ্ধান্ত নেন টাইগার দলনেতা মেহেদী হাসান মিরাজ।
ইতোমধ্যে টানা দুই ম্যাচ জিতে বাংলাদেশ যুবারা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। শেষ আট নিশ্চিত করেছে প্রতিপক্ষ নামিবিয়াও। প্রথম দুই ম্যাচে রান রেটে বাংলাদেশের চেয়েও এগিয়ে তারা। ফলে এই ম্যাচ গ্রুপ সেরা হওয়ার সাথে মর্যাদার লড়াইও বাংলাদেশের জন্য।
বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কাছে এ ম্যাচটা তো ফাইনালই মনে হচ্ছে! কারণটাও সহজ, নামিবিয়াকে হারাতে পারলেই শেষ আটে প্রতিপক্ষ হবে নেপাল। সেক্ষেত্রে সেমিফাইনালের পথটা সহজ হয়ে যাবে বলে মনে করছেন স্বাগতিক অধিনায়ক।
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি একটি ব্যক্তিগত অর্জনও হাতছানি দিচ্ছে মেহেদী হাসানকে। দারুণ ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় ম্যাচেই যুব ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড নিজের করে নিয়েছেন। এবার সর্বোচ্চ উইকেটের রেকর্ডের মালিক হওয়ার হাতছানি মেহেদী হাসানের সামনে। আর মাত্র একটি উইকেট নিলেই পাকিস্তানের ইমাদ ওয়াসিমের রেকর্ড ছুঁয়ে ফেলবেন মেহেদী। দুটি উইকেট নিতে পারলে রেকর্ডটা তার একার দখলে চলে যাবে। মেহেদীর উইকেট এখন ৫২ ম্যাচে ৭২, ইমাদ ওয়াসিম ৪৯ ম্যাচে নিয়েছেন ৭৩ উইকেট।
প্রথম ম্যাচে বাংলাদেশ বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ৪৩ রানে হারায়। দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ১১৪ রানের জয়। নামিবিয়ার বিপক্ষে শেষ ম্যাচ নিয়ে স্বাগতিক অধিনায়ক বলেন, ‘গ্রুপের শেষ ম্যাচটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এ ম্যাচটি জিততে পারলে কোয়ার্টার ফাইনাল আমাদের জন্য তুলনামূলক সহজ হবে। বলতে পারেন, সেমিফাইনালের রাস্তা মসৃণ হয়ে যাবে।’
প্রথম দুই ম্যাচে ব্যাটিংয়ে শুরুতে ধাক্কা খেলেও তা সামলে নিয়েছেন বাকিরা। নাজমুল হোসেন ধারাবাহিক ছন্দে রয়েছেন। মিডলঅর্ডারে মেহেদীও রান পাচ্ছেন। আজও তাই বড় সংগ্রহের আশা করছে বাংলাদেশ। বোলিংয়ে স্পিন মূল শক্তি হলেও পেসাররাও প্রথম দুই ম্যাচে ভালো করেছেন।
এদিকে, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার কথা ভাবছে নামিবিয়াও। তারা দাপটের সঙ্গে দুটি জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে। কোচ নর্বার্ট মানিয়ান্ডে বলেন, ‘দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছি, এখন আমরা তাকিয়ে বাংলাদেশ ম্যাচের দিকে। অবশ্যই আমরা চাইব গ্রুপের সেরা দল হতে।’
ওএফ
খেলা
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
নামিবিয়ার বিপক্ষে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক বাংলাদেশ।





