বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলামের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সেরেছে ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ক্লাব আতলেতিকো দি কলকাতা।
শনিবার উত্তরা ক্লাবে দুই পক্ষের মধ্যে চুক্তি সাক্ষর হয়। কলকাতার ক্লাবটির পক্ষে অনিলাভ চ্যাটার্জি, মামুনুল ও তার ক্লাব শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মঞ্জুর কাদের চুক্তিপত্রে সাক্ষর করেন।
তবে কত টাকার বিনিময়ে কলকাতা দি আতলেতিকোয় যোগ দিলেন মামুনুল, তা কোনো পক্ষই প্রকাশ করেনি।
দেশের মাঠে আলো ছড়ানো মামুনুল এখন কলকাতার ক্লাবটির হয়ে সেরাটা মেলে ধরার অপেক্ষায়। আগামী ১২ অক্টোবর শুরু হবে আইএসএলের প্রথম আসর।
“মৌখিকভাবে তাদের সঙ্গে কথা পাকাপাকি হয়ে ছিল। চুক্তিটা হল আজ। আমি ভীষণ আনন্দিত। দীর্ঘ দিন পর বাংলাদেশী ফুটবলার হিসেবে কলকাতায় খেলতে যাচ্ছি। আমার ওপর অনেক দায়িত্ব। তারাও অনেক আশা নিয়ে আমাকে দলে টেনেছে। আশা করি তাদের প্রত্যাশা পূরণ করতে পারব।”
সবসময়ই দেশের বাইরে খেলার স্বপ্ন ছিল মামুনুলের। সেই স্বপ্ন পূরণের পথে অনেক দূর এগিয়ে স্বাভাবিকভাবেই ভীষণ উচ্ছ্বসিত এই তারকা খেলোয়াড়।
আইএসএলের নিয়ম অনুযায়ী সেরা একাদশে খেলার সুযোগ পাবেন ছয় বিদেশি ফুটবলার। তাই শুরু থেকে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি মামুনুলের। তবে বাংলাদেশের এই মিডফিল্ডার লড়াই করেই সেরা একাদশে জায়গা পেতে চান।
“সব দলেই জায়গা পেতে হলে লড়াই করতে হয়। এখানেও লড়াই করে জায়গা করে নিতে হবে। তবে সুযোগ পেলে শতভাগ দিয়ে চেষ্টা করব। আমি ভালো করলে পরেরবার আইএসএলে বাংলাদেশের ফুটবলারদের চাহিদা বেড়ে যাবে।”
চুক্তি হয়ে গেলেও এশিয়ান গেমসের কারণে কলকাতার ক্লাবটির সতীর্থদের সঙ্গে এখনই যোগ দেয়া হচ্ছে না মামুনুলের। ১৯ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ায় শুরু হবে এশিয়ান গেমসের এবারের আসর। ফুটবল ইভেন্ট মাঠে গড়াবে ১৪ সেপ্টেম্বর। এশিয়ান গেমস খেলার পর কলকাতায় যাবেন মামুনুল।
“আমার কাছে দেশের স্বার্থটাই আগে। দেশটাই সব। এর আগে যখন তাদের সঙ্গে কথা হয়, বলেছিলাম আমি এশিয়ান গেমসে দেশের হয়ে খেলব এবং এরপর তাদের সঙ্গে যোগ দিব। তারা আমার প্রস্তাব মেনে নিয়েছে।”
এশিয়ান কাপ, আইএসএল শেষ করে চুক্তি অনুযায়ী মামুনুল শেখ জামালে যোগ দেবেন ২১ ডিসেম্বরে।
ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





