মধুমতি ব্যাংক স্বাধীনতা কাপের প্রথম সেমিফাইনালে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে চমক সৃষ্টি করেই ফাইনালে উঠেছে সকার ক্লাব ফেনী।
মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই জয়ের ফলে প্রথমবারের মত শীর্ষ পর্যায়ের কোন টুর্নামেন্টের ফাইনালে উঠার ইতিহাস গড়ল ফেনীর এই দলটি।
এর আগে বসুন্ধরা ক্লাব কাপ ফাইনালে খেলার অভিজ্ঞতা থাকলেও ব্রাদার্সকে হারিয়ে শীর্ষ পর্যায়ের এই টুর্নামেন্টে ফাইনালে পাড়ি জমানোটা সকারের খেলোয়াড়দের জন্য বিশেষ কিছুই। মাঠে ও খেলা পরবর্তীতে সংবাদ সম্মেলনে তাই দলের গাম্বিয়ান কোচ ওমর সিসে ছিলেন উল্লসিত। মাঠে খেলা শেষে সাদা শিবিরের উল্লাস প্রকাশটাও ছিল ভিন্ন মাত্রার।
খেলার প্রথম থেকেই লড়াইটা জমে উঠে দুই দলের মধ্যে। বলের দখলে সমতা ছিল উভয় দলের। তবে প্রতিপক্ষের রক্ষণ ভাঙ্গার কাজে পিছিয়ে ছিল ব্রাদার্স। দ্বিতীয়ার্ধে ফেনী সকার আক্রমণ চালিয়ে গেলেও কিছুটা রক্ষনাত্মক ছকে খেলতে থাকে গোপীবাগের দলটি। কমলা শিবিরের নেতিবাচক এই খেলার কারণেই হয়ত শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে শেষ হাসিটা হাসল ওমর সিসের শিষ্যরা।
খেলার ১১ মিনিটে ব্রাদার্সের নাইজেরিয়ান খেলোয়াড় সিমসনের নেয়া শট আটকে দেয় সকারের ডিফেন্ডার। ৩৬ মিনিটে অল্পের জন্য গোল পায়নি সকার। সতীর্থ চোখা চার্লসের ঠেলে দেয়া বলে শট নেন দলের গাম্বিয়ান ডিফেন্ডার ল্যানডিং। কিন্তু গোল লাইন থেকে বল ফিরিয়ে দিয়ে ব্রাদার্সকে রক্ষা করেন মিডফিল্ডার কমল। ফলে অমিমাংসিতভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধের ৮১ মিনিটে গোল পায় সকার। সাদা জার্সিধারী সকারের পক্ষে প্রথম গোলটি করেন গাম্বিয়ান খেলোয়াড় ম্যাথিউ মেন্ডি (১-০)। বাঁ প্রান্ত থেকে নেয়া স্বদেশী সতীর্থ কাব্বা জবির ক্রসে মাথা ছুঁইয়ে বল প্রতিপক্ষের জালে পাঠান তিনি। শেষ বাঁশি বাজার পাঁচ মিনিটে পূর্বে আবার গোল করে উৎসবে মাতে সাদা শিবির। সকারের বদলি খেলোয়াড় আব্দুল্লাহ আল মামুনের প্রথম শট ফিরিয়ে দেয় ব্রাদার্সের গোলরক্ষক সবুজ। ফিরতি বলে আবার শট নিয়ে লক্ষ্যভেদ করেন মামুন (২-০)।
খেলা শেষ হবার ২ মিনিট আগে ব্রাদার্সের মিডফিল্ডার ফয়সাল মাহমুদের ফ্রি কিকে বল পোস্টে লেগে ফিরে আসলেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি কমলা শিবির। ম্যাচ সেরা হয়েছেন সকারের নাইজেরিয়ান খেলোয়াড় চোখা চার্লস।
[b]ঢাকা, ৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
খেলা
ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে সকার
মধুমতি ব্যাংক স্বাধীনতা কাপের প্রথম সেমিফাইনালে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে চমক সৃষ্টি করেই ফাইনালে উঠেছে সকার ক্লাব ফেনী। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই জয়ের ফলে প্রথমবারের মত শীর্ষ পর্যায়ের কোন টুর্নামেন্টের ফাইনালে উঠার ইতিহাস গড়ল ফেনীর এই দলটি।





