এই তো গত সপ্তাহে সনি ওপেনের শিরোপা জিতেছেন। র্যা ঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অনেক দিন ধরেই। তার বিপক্ষে খেলতে নামাটা যেন সিংহের সঙ্গে মায়াবী হরিণীর লড়াইয়ে নামা। কিন্তু সেই লড়াইয়ে সিংহকে যে পরাজিত হতে হবে, তা হয়তো কেউই কল্পনা করেননি। তবে সেই অকল্পনীয় কাজটি করে দেখালেন স্লোভাকিয়ান তরুণী জানা চেপেলুভা। ফ্যামিলি সার্কেল কাপে বিশ্বসেরা তারকা সেরেনা উইলিয়ামসকে ৬-৪, ৬-৪ সেটে পরাজিত করেছেন তিনি।
এর আগে মোট তিনবার এই শিরোপাটি জিতেছেন ১৭ টি গ্র্যান্ড স্লাম জয়ী সেরেনা। বর্তমান চ্যাম্পিয়নও তিনি। তাই দক্ষিণ কারোলিনায় মাঠে নামার আগে হয়তো হারের কথা কল্পনাই করেননি। কল্পনা করার কথাও না। কারণ প্রতিপক্ষ চেপেলুভা র্যাজঙ্কিংয়ে রয়েছেন ৭৮তম স্থানে। এর আগে র্যা ঙ্কিংয়ে ১৫ এর মধ্যে থাকা কাউকে হারাতে পারেননি। কিন্তু দুর্বল প্রতিপক্ষেকে নিজের ভয়ঙ্কর রূপটি দেখাতে পারলেন না মার্কিন কৃষ্ণকলি। শুরুতেই হেরেছেন ৫টি গেমে। সেই ক্ষতিটি আর পূরণ করতে পারেননি। ফলে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে তাকে।
খেলা শেষে অবশ্য প্রতিপক্ষকে মূল্যায়ন করেছেন সেরেনা। ২০ বছর বয়সী তরুণীর প্রশংসা বাণীও শোনা গেছে তার ভাষায়, 'অবশ্যই তিনি আজ একজন ভালো প্রতিপক্ষ ছিলেন এবং অনেকগুলো বল ফেরত পাঠিয়েছেন।' ম্যাচটিতে সেরেনা কোনো কিছু বুঝে ওঠার আগেই যে হেরে গেছেন তার প্রমাণ পাওয়া যায় ৩২ বছর বয়সী এই তারকার কথায়, 'ম্যাচটিতে তার খেলা সম্পর্কে সত্যিই আমি কিছুই বুঝতে পারিনি। আজ আমার বিপক্ষে তিনি সত্যিই ভালো খেলেছেন এবং দিনটি আমার ছিল না।'
এদিকে উইলিয়ামস পরিবারের ছোটকন্যা হারলেও জিতেছেন বড় কন্যা ভেনাস উইলিয়ামস। বারবোরা জাহলোভোভাকে ৬-৩, ০-৬ ও ৭-৫ সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন ভেনাস উইলিয়ামস। ২০০৪ সালে এখানে চ্যাম্পিয়ন হওয়া ভেনাস বলেছেন, 'সম্প্রতি আমি ইনজুরিতে ছিলাম। তাই আজ ভালো খেলা আমার জন্য কিছুটা হলেও কঠিন ছিল। তবে শেষ পর্যন্ত আমি লড়াই করেছি।'