সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ফাস্ট বোলার কেমার রোচ। স্থানীয় গণমাধ্যমে প্রচারিত খবরে বলা হয়, ব্রিজটাউন সড়কে মুসলধারে বৃষ্টির মধ্যে নিজের বিএমডব্লিউ গাড়িটি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েন রোচ।
স্থানীয় বার্বাডোজ টুডে পত্রিকার অনলাইন সংস্করণে বলা হয়, ২৫ বছর বয়সী রোচ মাথায় আঘাত পেয়েছেন এবং তাকে হাসপাতালে নেয়া হয়েছে। তবে রোচ জানিয়েছেন, তার আঘাত মারাত্মক কিছু নয়।
নিজের টুইটারে রোচ লিখেছেন, ‘এমন ভীতসন্ত্রস্ত করার জন্য আমার বন্ধু-বান্ধব, পরিবার এবং ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করছি। তবে আমি ঠিক আছি। সহানুভুতির জন্য ধন্যবাদ!’
ক্যারিয়ারে এ পর্যন্ত ২৩ টেস্ট ও ৬১ ওয়ানডে খেলা রোচ প্রায় এক বছর যাবৎ ওয়েস্ট ইন্ডিজ দলের বাইরে রয়েছেন।