ইনজুরিতে পড়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ও ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তবে তার চোট গুরুতর নয় বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চিকিৎসক দেবাশিষ চৌধুরী।
বৃহস্পতিবার সকালে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম দোলেশ্বরের হয়ে অনুশীলন করার সময় চোট পান মুশফিক।
এ বিষয় দেবাশিস চৌধুরী বললেন, ‘আগে থেকেই মুশফিকের কাঁধের সমস্যা ছিল। ডাইভ দিতে গিয়ে মাঝে মধ্যে কাঁধের জোড়টা নড়ে যায়, তবে সন্ধিচ্যুত হয় না। আজও জোড়টা নড়ে গেছে। শনিবার আমরা একটা স্ক্যান করাব। তারপর বোঝা যাবে চোট কতটা গুরুতর।’
বিশ্বকাপ প্রসঙ্গে তুলতেই দেবাশিস জানালেন, ‘চিন্তার কিছু নেই। চোটটা অতটা গুরুতর নয়। হয়তো সেরে উঠতে সপ্তাহ খানেক সময় লাগতে পারে।’
জেডআই





