অবশেষে কারাগার থেকে মুক্ত হলেন বালাদেশ জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন। রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালত তার জামিন মঞ্জুর করলে বিকালেই তাকে কারাগার থেকে ছেড়ে দেয়া হয়।
রোববার মহানগর দায়রা জজ আদালতে রুবেলের আইনজীবীরা তার জামিনের আবেদন করলে এ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইমরুল কায়েস শুনানি শেষে অভিযোগপত্র দাখিল হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেন।
রুবেলের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। অন্যদিকে হ্যাপীর পক্ষে ছিলেন তুহীন হাওলাদার।
গত ১৩ ডিসেম্বর রুবেলের বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মিরপুর থানায় মামলা করেন হ্যাপী, যাতে ‘বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক’ গড়ার অভিযোগ আনা হয়।
তবে হ্যাপীর অভিযোগ নাকচ করে এই ক্রিকেটার বলে আসছেন, এই তরুণী তাকে ‘ব্ল্যাকমেইল’ করছেন।
রুবেল ১৫ ডিসেম্বর হাই কোর্টে হাজির হয়ে আগাম জামিন চাইলে বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর বেঞ্চ চার সপ্তাহের জামিন মঞ্জুর করে।
ওই জামিনের মেয়াদ শেষ হওয়ার তিন দিন আগেই গত ৮ জানুয়ারি রুবেল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
কিন্তু শুনানি শেষে মহানগর হাকিম মোহাম্মদ আনোয়ার ছাদাত জামিন নাকচ করে রুবেলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আগামী ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ক্রিকেট খেলতে জানুয়ারির শেষ সপ্তাহে রওনা হতে পারে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপের জন্য এই দলে রয়েছেন রুবেল হোসেন।
জেডআই





