বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদ্য পদত্যাগ করা কোচ শেন জার্গেনসেন তার সিদ্ধান্তে অটল থাকলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে চুক্তি শেষ করে যাওয়ার জন্য অনুরোধ করা হলেও তা মেনে নেননি তিনি।
জার্গেনসেনের অধীনে ২০১৪ সালে বাজে পারফরম্যান্স করেছে বাংলাদেশ। এজন্য বিসিবি পরিচালকরা কোচ পরিবর্তনের ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছিলেন। এ কারণে তিনি পদত্যাগ করতে পারেন বলে ধারণা করা হয়। কিন্তু জার্গেনসেন জানিয়েছেন ভিন্ন কথা। কারো প্রতি অভিমান নয়, পরিবারকে সময় দেয়ার জন্যই দেশে ফিরে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
শ্রীলঙ্কার সিরিজ, এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ কাঙ্খিত ফল লাভ করেনি। আর তাই পদত্যাগ পত্র পেশ করেছিলেন জার্গেনসেন। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই পদত্যাগ পত্রটি গ্রহণ করেনি। বিসিবি আলোচনা করে জার্গেনসেনকে রাখার ব্যাপারে আগ্রহী ছিল। এ ব্যাপারে তাকে অনুরোধ করলেও প্রত্যাখ্যান করলেন এই অস্ট্রেলীয় কোচ।
সোমবার বোর্ড সভাপতির সঙ্গে কথা শেষে জার্গেনসেন জানালেন,‘আমাকে বোর্ড সভাপতি ২০১৫ সালের বিশ্বকাপ পর্যন্ত থাকার অনুরোধ করেছেন। কিন্তু আমি তাকে ধন্যবাদ জানিয়ে বলেছি বোর্ড চাইলে জুন পর্যন্ত থাকব দলটির সঙ্গে।’
তিনি আরও বলেন,‘বোর্ড প্রয়োজন মনে করলে জুন পর্যন্ত থাকব। আর চলে যাওয়ার অনুমতি দিলে দ্রুতই চলে যাব। এখন সিদ্ধান্তটা বোর্ডের উপর। আমি এখন পরিবারকে সময় দিতে চাই।’
বিসিবি যদি ইতিবাচক থাকে তবে জুনে প্রস্তাবিত সিরিজটাই জার্গেনসেনের শেষ মিশন হতে পারে। ভারত ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আসতে পারে।
ঢাকা, ৫মে (টাইমনিউজবিডি) //জেডআই