অবশেষে বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন কিংবদন্তি এই গোলরক্ষক। খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে অবসরের বিষয়টি ঘোষণা করতে যাচ্ছেন তিনি। ২৮ বছরের ফুটবল ক্যারিয়ারের পরিসমাপ্তি আসছে শীঘ্রই।

ফুটবলভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট গোল ডট কম বুধবার (২ আগস্ট) এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যেই বুফন তার বর্তমান ক্লাব পারমাকে তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। তার এই সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শন করে চুক্তি বাতিলের সকল প্রস্তুতি সম্পন্নও করে ফেলেছে ক্লাব কর্তৃপক্ষ।

১৯৯৫ সালে পারমার সঙ্গে চুক্তি করে প্রথম সারির ফুটবল ক্যারিয়ার শুরু করেন বুফন। ২০০১ পর্যন্ত সেখানেই ছিলেন তিনি।

এরপর ২০০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত জুভেন্টাসের জার্সি গায়ে মাতিয়েছেন তিনি। ২০১৮-১৯ মৌসুমে খেলেন পিএসজিতে। এরপর ২০১৯ মৌসুমে ফেরেন জুভেন্টাসে। যদিও বেশিরভাগ ম্যাচেই তাকে বসে থাকতে হয়েছিল সাইড বেঞ্চে।

২০২১ সালের তিনি সিদ্ধান্ত নেন ফের ফিরবেন পারমায়। সেখান থেকেই ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন কিংবদন্তি এই গোলরক্ষক।

অবসরের সময় তার সঙ্গী ২০০৬ বিশ্বকাপ জেতার সুখস্মৃতি। সেই সঙ্গে আক্ষেপ হিসেবে তিনি নিয়ে যাচ্ছেন চ্যাম্পিয়ন্স লিগ ছুঁতে না পারার কষ্ট।

এমবি