এশিয়ান গেমস হকির বাছাইপর্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। রোববার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ফাইনালে ওমানকে ৬-১ গোলে হারায় স্বাগতিক দল।
শুরু থেকেই আক্রমনাত্মক খেলতে থাকে বাংলাদেশ। ১৩ মিনিটে দলকে এগিয়ে দেন চয়ন। তবে এর মিনিট দশেকের মধ্যেই রজম পাসিমের গোলে সমতা ফেরায় ওমান। এরপরই, নিলয়ের গোল লিড ফিরে পায় স্বাগতিক দল। এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধের শুরুতে আত্মঘাতী গোলে আরও পিছিয়ে পড়ে ওমান। ৭২ মিনিটে দলের লিড বড় করেন জুবায়ের। আর একেবারে শেষ মুহুর্তে মিমোর  গোলে বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশের। এ জয়ে সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়ার ইঞ্চনের এশিয়ান গেমসে খেলার সুযোগ পেল লাল সবুজ বাহিনী।