মৌসুমের শুরুর দিকে লিগ টেবিলের শীর্ষে ছিল বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। কিন্তু মৌসুম শেষ হওয়ার দিকে এগিয়ে যাওয়ার তালে তালে তারাও নেমে গেছে নিচের দিকে। গত ম্যাচের আগে ছিল তৃতীয় স্থানে। রোববার রাতে হেরে গেলে শিরোপার স্বপ্নটাও একেবারেই শেষ হয়ে যেত তাদের। খেলার মাঠে সেদিকেই এগিয়ে যাচ্ছিল দলটি। প্রতিপক্ষ ভিয়ারিয়াল ২-০ গোলে এগিয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ভাগ্যের জোরে ২-৩ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
রোববার রাতে ভিয়ারিয়ালের মাঠে মাত্র একটি গোল করতে পারে বার্সেলোনা। মোট পাঁচ গোলের মধ্যে চারটি গোলই করে স্বাগতিকরা। প্রথম দুটি গোল করে এগিয়ে যায় ভিয়ারিয়াল। কিন্তু পরে দুটি আত্মঘাতী গোল করায় বার্সাকে সমতায় ফেরায় তারা। খেলা শেষ হওয়ার চার মিনিট আগে মেসির একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।
খেলার প্রথমার্ধে বার্সাকে কোনো গোল আদায় করতে দেয়নি ভিয়ারিয়াল। উল্টো প্রথমার্ধের ইনজুরি সময়ে কানির গোলে লিড নেয় তারা।
বিরতির ১০ মিনিটের মধ্যে দলের লিডকে ডাবলে নিয়ে যান ট্রিগিওরাস। কিন্তু এর ১০ মিনিট পর আরো নিজেদের ভাগ্য বার্সার হাতে তুলে দেয়া শুরু করে স্বাগতিক খেলোয়াড়রা। ৬৫ মিনিটে গ্যাব্রিয়েল পাউলিস্টা আত্মঘাতী গোলের সূচনা করেন। ৭৮ মিনিটে মাটিও মুসাচিও আরেকটি আত্মঘাতী গোল করেন। খেলার ৮৩ মিনিটে মেসির গোলে লিড নেয় বার্সা। সেই লিড নিয়েই খেলা শেষ করেন কোচ জেরার্ডো মার্টিনের শিষ্যরা ।
এই জয়ের পর লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা। ৩৫ ম্যাচে দলটি ৮৪ পয়েন্ট অর্জন করলেও শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে আছে তারা। এদিকে এক ম্যাচ কম খেলে ৮২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।
ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি) //জেডআই