ভিয়েতনাম টেনিস এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ভিয়েতনামের হো চি মিন শহরে অনুষ্ঠিত আইটিএফ অনুর্ধ ১৪ ডিভিশন-২ চ্যাম্পিয়নশিপের বালক দ্বৈতে রানার আপ হয়েছে বাংলাদেশের মোহাম্মদ ইশতিয়াক আহমেদ ও নাইমুল ইসলাম অমিও জুটি।

ইশতিয়াক ও নাইমুল জুটি প্রথম রাউন্ডে মায়ানমারের ইয়ে মিন ও কুয়াং খান্ট জুটিকে ৬-১, ৭-৫ গেমে, কোয়ার্টার ফাইনালে নেপালের লামা ও বজ্রচারিয়া জুটিকে ৬-৪, ১-৬, ১১/৯ গেমে এবং সেমি-ফাইনালে লিবিয়ার সাদেক ও সিরিয়ার সালিম জুটিকে ৬-৪, ৬-৪ গেমে পরাজিত করে। ফাইনালে বাংলাদেশের এই জুটি ভিয়েতনামের ভান ভুয়াং ও জোয়েন থাই জুটির কাছে ৪-৬, ৭-৬, গেমে পরাজিত হয়ে রানারর্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

এদিকে বালক এককের প্রথম প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকার করেছে বাংলাদেশের মোহাম্মদ ইশতিয়াক। তিনি প্রথম রাউন্ডে নেপালের লামা রঞ্জন কে ৫-৪, ১-৪, ৪-২ গেমে, দ্বিতীয় রাউন্ডে লিবিয়ার সাদেক জালাল কে ৪-২, ৪-১ গেমে, কোয়ার্টার ফাইনালে শ্রীলংকার সিলভা আসেনকে ৬-২, ৬-৩ গেমে পরাজিত করে। সেমি-ফাইনালে ভিয়েতনামের ভো হং হুয়াং এর কাছে ৫-৭, ৪-৬ গেমে হেরে যান। পরে স্থান নির্ধারনী খেলায় সিরিয়ার সালিম রাবীর কাছে ২-৬, ১-৬ গেমে হার মানলে ৪র্থ স্থান নিয়ে সন্তুষ্ঠ থাকতে হয়। এতে বাংলাদেশের নাইমুল ইসলাম অমিও ১৮তম এবং সাদ আব্দুল্লাহ আফ্রিদি ২৩তম স্থান লাভ করেন।

বালিকা এককে বাংলাদেশের ইতি আক্তার ১৪তম এবং পপি আক্তার ২৫তম স্থান অধিকার করেছেন।

প্রতিযোগিতায় ১৬টি দেশের ৩২জন বালক ও ২৮ জন বালিকা অংশগ্রহন করেছে। অংশগ্রহনকারী দেশগুলো হচ্ছে : বাংলাদেশ, নেপাল, ভিয়েতনাম, ভুটান, শ্রীলংকা, মায়ানমার, সিরিয়া, মালদ্বীপ, মঙ্গোলিয়া, পাকিস্তান, কম্বোডিয়া, লিবিয়া, জর্ডান, ম্যাকাও, ইরাক ও ইরান।

জেডআই