টেস্টে বারো হাজারি খাতায় নাম লেখালেন কুমার সাঙ্গাকারা। শনিবার নিউজিল্যান্ড টেস্টে এই মাইলফলক স্পর্শ করেন লংকান এই কিংবদন্তী। বারো হাজারিদের দলে তিনি হলেন সবচেয়ে দ্রুততম। সাঙ্গাকারা ছাড়া কেবল চারজন টেস্টে ১২ হাজার রান করার গৌরব অর্জন করেছেন। খবর বিবিসির।

৩৭ বছর বয়সী শ্রীলংকান এই খেলোয়াড়ের ১২ হাজার রান তুলতে ২২৪টি ইনিংস লেগেছে। অন্যদিকে, তার আগে ১২ হাজার রান তোলা বাকি চারজনের মধ্যে দ্রুততম হলেন শচীন টেন্ডুলকার ও রিকি পন্টিং। তাদের উভয়েরই ২৪৭ ইনিংস লেগেছে ১২ হাজার রান তুলতে।

টেস্টে সাঙ্গাকারার উপরে থাকা শচীন টেন্ডুলকারের রান সবচেয়ে বেশি (১৫,৯২১)। তারপর রয়েছে রিকি পন্টিং (১৩,৩৭৮), জ্যাক ক্যালিস (১৩,২৮৯) ও রাহুল দ্রাবিড় (১৩,২৮৮)।

শনিবার নিউজিল্যান্ডের ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে শ্রীলংকা। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ২২১ রানের জবাবে ৭৮ রানেই ৫ উইকেট হারিয়েছে লংকানরা। সাঙ্গাকারা ব্যাট করতে যখন নামেন তখন তার রানের সংখ্যা ১১,৯৯৫।

মাইলফলক থেকে মাত্র ৫ রানের দূরত্বে থেকে ব্যাটিং শুরু করেন সাঙ্গাকারা। অবশেষে ট্রেন্ট বোল্ট স্কয়ার দিয়ে বল পাঠিয়ে তিনি দুটি রান তুলে নেন। আর এরই মধ্য দিয়ে ছুঁয়ে যান ১২ হাজার রানের মাইলফলক। গ্যালারিতে বসা দর্শকেরা দাঁড়িয়ে তাকে সম্মান জানান। দিনশেষে তিনি ৩৩ রানে অপরাজিত রয়েছেন।

এমএ