তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে গত ১৮ আগস্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমতি নিয়ে মাঠে ফিরেছেন আশরাফুল । সেই সুবাদে প্রতিদিনই মিরপুরের হোম অব ক্রিকেট গ্রাউন্ডে আসেন তিনি। অনুশীলনের ফাঁকে মঙ্গলবার বিসিবি এইচপি কোচ কোরি বোকিংয়ে অধীনে ফিনটেস টেস্ট দেবার সুযোগটা বেশ ভালোমতোই কাজে লাগালেন তিনি।
একাডেমি মাঠে বৃত্তাকারে ৯ মিনিটে ১৬০০মিটার দৌড়ালেন তিনি। যা আরো ভালো হতো ৭ মিনিটে হলে। তারপরও আশরাফুলের ফিটনেস টেস্টে সন্তুষ্ট কোচ।
এ বিষয়ে আশরাফুল বলেন, ‘তিনি (এইচপি কোচ) দেখলেন আমার ফিটনেসটা কোন অবস্থায় রয়েছে। তার কাছে মনে হয়েছে আমার ফিটনেস ভালো অবস্থায় আছে। এরপর তিন সপ্তাহ একটি কোর্স করাবেন। এটা আমি একা একা করার চেষ্টা করব। এরমধ্যে যদি কেউ আমাকে সাহায্য করে, তারও সাহায্য নেব। এরপর আরো একটা পরীক্ষা। দেখা যাক কি হয়।’

ফিটনেস পরীক্ষা দেবার পর কিছুটা সময় জিমে কাটান আশরাফুল। নিজেকে ফিট রাখতেই এমনটা নিয়মিত করে যাচ্ছেন টেস্টে ২ হাজার ৭৩৭ ও ওয়ানডেতে ৩ হাজার ৪৬৮ রান করা এই ব্যাটসম্যান।
৩১ বছর বয়সী এই তারকা বলেন, ‘আমি কিন্তু শেষ তিন বছর খেলার মধ্যেই ছিলাম। যেখানে আমি সুযোগ পেয়েছি সেখানেই ক্রিকেট খেলেছি। আমেরিকাতে গিয়ে খেলেছি, ঢাকায় যেখানে সুযোগ পেয়েছি, সেখানেই খেলেছি। এতদিন আমি একা একা অনুশীলন করেছিলাম। ১৩ বছর জাতীয় দলের হয়ে খেলাতে যে সুযোগ সুবিধা আগে পেতাম তাই আবারো পাচ্ছি। আমার কাছে মনে হয় আমি ভালো অবস্থায় আছি।’
ফিটনেস টেস্ট নিয়ে আপাতত চিন্তা নেই আশরাফুলের। আগামী ২০ সেপ্টেম্বর বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) তার চোখ। সুযোগ পেলেই এই লিগ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার মঞ্চটা তৈরি করতে উন্মুখ হয়ে রয়েছেন ৬১ টেস্ট ও ১৭৭ ওয়ানডে খেলা সাবেক এই অধিনায়ক।
এফএফ





